রিয়ালের সামনে এবার সেল্তা
গত সপ্তাহে নিজেদের ইতিহাসের টানা জয়ের রেকর্ড গড়া রিয়াল মাদ্রিদের সামনে এখন রেকর্ডটাকে বড় করার পালা। সব ধরণের প্রতিযোগিতায় অদম্য ছুটে চলা বজায় রাখার লক্ষ্য নিয়েই লা লিগার ম্যাচে সেল্তা ভিগোর মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল।
শনিবার সান্তিয়াগো বের্নাবেউতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
১৩ রাউন্ড শেষে ৩৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে রিয়াল। আর ২০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে সেল্তা।
রিয়ালের চেয়ে পয়েন্টে বেশ পিছিয়ে থাকলেও সেল্তা কঠিন পরীক্ষায় ফেলতে পারে ক্রিস্তিয়ানো রোনালদো-গ্যারেথ বেলদের।
গত মাসের শুরুতে বার্সেলোনাকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল সেল্তা। এর আগে গত সেপ্টেম্বরে তারা বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল।
লিগের গত দুই ম্যাচে সেল্তা হারলেও সতর্ক রিয়ালের কোচ আনচেলত্তি।
“তারা খুবই আক্রমণাত্মক একটি দল, তাদের খেলোয়াড়েরা মাঠে কঠিন পরিশ্রম করে। তারা ম্যাচে প্রচন্ড লড়াই করবে এবং এটা সহজ ম্যাচ হবে না।"
সেল্তাকে হারাতে পারলে রিয়াল টানা ১৮ টি ম্যাচ জিতবে।
মালাগাকে হারিয়ে টানা ১৬ জয়ের রেকর্ড গড়ার পর গত মঙ্গলবার কোপা দেল রেতে কর্নেইয়াকে হারায় রিয়াল মাদ্রিদ।
রোনালদো যে দুর্দান্ত ফর্মে আছেন, তাতে আরেকটি বড় জয়ের স্বপ্ন দেখতেই পারেন রিয়াল সমর্থকেরা। এ পর্যন্ত লিগে ১২ ম্যাচে খেলে ২০ গোল করেছেন রোনালদো।
আর সেল্তার বিপক্ষে তো আরো দুর্দান্ত পর্তুগিজ এই ফরোয়ার্ড। দলটির বিপক্ষে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৯ গোল করেছেন রোনালদো।
চতুর্দশ রাউন্ডে এই দিনে মাঠে নামবে আতলেতিকোও। বাংলাদেশ সময় রাত নয়টায় এলচের মাঠে খেলবে দিয়েগো সিমেওনের দল।
