মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রিয়াল-সিটি ফুটবল ম্যাচ!
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হবে ফুটবল! শুক্রবার আয়োজকরা জানিয়েছে, আগামী বছর ক্রিকেটের এই মাঠে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।
প্রাক-মৌসুম প্রস্তুতির টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের একটি ম্যাচে মুখোমুখি হবে এই মুহূর্তে ইউরোপের অন্যতম সেরা দুই দল।
আগামী বছরের ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত এমসিজিতে হবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ।
১ লাখ আসনের স্টেডিয়ামটির এই টুর্নামেন্টে তৃতীয় দলের নাম এখনো ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, ইতালির পরাশক্তি ইন্টার মিলান হতে পারে সেই দল।
অস্ট্রেলিয়ার এ-লিগের ক্লাব মেলবোর্ন সিটির মালিক ইংল্যান্ডের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
