অবশেষে বাতিল মেসির হলুদ কার্ড
ভালেন্সিয়ার বিপক্ষে স্পেনের লা লিগায় পাওয়া লিওনেল মেসির হলুদ কার্ড তুলে নিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশন।
মেসির হলুদ কার্ডের বিরুদ্ধে বার্সেলোনার আবেদন টুর্নামেন্ট কমিটিতে খারিজ হওয়ার পর উচ্চতর আপিল কমিটিতে গিয়েছিল তারা। বৃহস্পতিবার পক্ষে রায় পায় স্পেনের লা লিগার ক্লাবটি।
ভালেন্সিয়ার মাঠে গত রোববার লা লিগার ম্যাচে শেষ মুহূর্তে সের্হিও বুসকেতসের গোল উদযাপন করতে গিয়ে গ্যালারি থেকে ছুড়ে মারা প্লাস্টিকের বোতলে মাথায় আঘাত পান মেসি। এরপর সামলে উঠে মাঠে ফিরতে তার একটু দেরি হয়।
রেফারি তাকে সময়ক্ষেপনের জন্য হলুদ কার্ড দেখান। টুর্নামেন্ট কমিটির কাছে দেয়া প্রতিবেদনে রেফারি লেখেন, সময় নষ্ট করতেই মেসি গোল উদযাপন করে মাঠে ফিরতে দেরি করেন।
রেফারির এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্পেনের ফুটবল ফেডারেশনের টুর্নামেন্ট কমিটিতে আপিল করেছিল বার্সেলোনা। তবে বুধবার টুর্নামেন্ট কমিটি রেফারির সিদ্ধান্তই বহাল রাখার কথা জানায়।
এরপর বিষয়টি নিয়ে উচ্চতর আপিল কমিটিতে যায় বার্সেলোনা। বৃহস্পতিবার উচ্চতর আপিল কমিটি বার্সেলোনার আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের পক্ষেই রায় দেয়।
স্পেনের ফুটবল ফেডারেশন তাদের ওয়েসবসাইটে জানায়, মেসি ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপন করেছেন বলে প্রমাণ পাওয়া যায়নি। দর্শকের আগ্রাসনের শিকার হলে একজন খেলোয়াড় যে প্রতিক্রিয়া জানানোর কথা, মেসি তা-ই করেছে।
যোগ করা সময়ের শেষ মুহূর্তে বুসকেতসের ওই গোলে ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটি ১-০ গোলে জিতেছিল বার্সেলোনা।
