আর্জেন্টিনায় দাঙ্গাবাজদের হামলায় ফুটবলারের মৃত্যু
আর্জেন্টিনায় ফুটবল ঘিরে সংঘর্ষ আর তাতে মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। এবার দাঙ্গাবাজদের হামলায় মাথায় আঘাত পেয়ে প্রাণ হারালেন দেশটির এক খেলোয়াড়।
হতভাগ্য ওই খেলোয়াড়ের নাম ফ্রাঙ্কো নিয়েতো। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল তিরো ফেদেরালের হয়ে খেলতেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার।
গত শনিবার তৃতীয় বিভাগের আরেক দল চাসারিতো জুনিয়র্সের বিপক্ষে ম্যাচ শেষে হামলার শিকার হন নিয়েতো।
মারামারির জন্য রেফারি আট জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর পর নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে ম্যাচটি বন্ধ হয়ে যায়।
প্রাণ হারানো এই খেলোয়াড়ের আত্মীয় পাবলো নিয়েতোর বরাত দিয়ে বিবিসি জানায়, স্ত্রী এবং এক বছরের কন্যা সন্তান নিয়ে নিজের গাড়ির দিকে হেটে যাচ্ছিলেন নিয়েতো। ওই সময় তিন জন তাকে ঘিরে ফেলে লাথি ও ঘুসি মারতে থাকে। এরই মধ্যে একজন পাথর দিয়ে তার মাথায় আঘাত করে।
গত মঙ্গলবার অস্ত্রোপচারের পরও বাঁচানো যায়নি নিয়েতোকে। গত বুধবার তিনি মারা যান।
আর্জেন্টিনায় ফুটবল ঘিরে গণ্ডগোলে এ বছর ১৫ জন প্রাণ হারিয়েছে।
