মেসিকে দলে নিতে ছিল রোনালদিনিয়োর ভূমিকা
বার্সেলোনার মূল দলে লিওনেল মেসির অভিষেক হয়েছিল রোনালদিনিয়োর চাওয়ায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্সেলোনার সাবেক তারকা জানিয়েছেন, মেসিকে বার্সেলোনার মূল দলে খেলানোর জন্য কোচ ফ্রাঙ্ক রাইকার্ডকে অনুরোধ করেছিলেন তিনি।
স্পেনের ফুটবলে বার্সেলোনা ছড়ি ঘোরাতে শুরু করে রোনালদিনিয়ো আর রাইকার্ডের যুগলবন্দিতেই। দুজনেই ২০০৩ সালে বার্সেলোনায় নাম লেখান-রাইকার্ড কোচ হিসেবে আর রোনালদিনিয়ো খেলোয়াড় হিসেবে।
বার্সেলোনায় তারা এক সঙ্গে স্পেনের লা লিগার দুটি শিরোপা জেতেন। এ ছাড়া একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ জেতেন দুটি স্পেনের সুপার কাপ শিরোপা।
গুরু-শিষ্যের সম্পর্কটা বেশ ভালো ছিল। রোনালদিনিয়ো জানতেন, তার অনুরোধ ফেলতে পারবেন না রাইকার্ড। আর আর্জেন্টিনার ‘ছোট্টা জাদুকর’ মেসির খেলাতেও মুগ্ধ ছিলেন ব্রাজিলের সাবেক প্লেমেকার।
সব মিলিয়ে মেসিকে নিয়ে অনুরোধটা করেছিলেন রোনালদিনিয়ো।
“আমিই সেই খেলোয়াড়, যে মেসিকে মূল দলের অনুশীলনে নিতে রাইকার্ডকে বলি। ক্রিস্তিয়ানো রোনালদো সম্পূর্ণ এক খেলোয়াড়, কিন্তু মেসি তার চেয়ে ভালো। কারণ তার জাদু আছে।”
