রোনালদোর বাক্সে বাংলাদেশ কোচের ভোট
ফিফা-ব্যালন ডি’অর জয়ী নির্ধারণে নিজের ‘প্রথম’ ভোটটা ক্রিস্তিয়ানো রোনালদোকে দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ সাইফুল বারী টিটো।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টিটো জানান, প্রথম ভোটটা তিনি ক্রিস্তিয়ানো রোনালদোকে দিয়েছেন। তার বাকি দুটো ভোট পেয়েছে লিওনেল মেসি ও নেইমার।
বর্ষসেরার পুরস্কারের জন্য ঘোষিত সংক্ষিপ্ত তালিকায় টিটোর ভোট পাওয়া নেইমার নেই। ব্রাজিল বিশ্বকাপে চার গোল করা এই ফরোয়ার্ড ঠাঁই পাননি রোনালদো, মেসি ও নয়ারে সাজানো তিনজনের সংক্ষিপ্ত তালিকায়।
বায়ার্ন মিউনিখের গোলরক্ষক নয়ার জার্মানির হয়ে গত বিশ্বকাপ জেতেন। আর রোনালদো গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে জেতেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপ সেরার এক মৌসুমে ১৭ গোল করে রিয়ালের ‘লা দেসিমা’ জয়ে দারুণ অবদান রাখেন পর্তুগালের এই ফরোয়ার্ড।
রোনালদো ও নয়ারের তুলনায় গত এক বছরে মেসির অর্জন খুব বেশি নয়। বার্সেলোনার হয়ে কোনো শিরোপা জিততে পারেননি তিনি। তবে ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে মেসির ভূমিকা ছিল অনেক। গত বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান মেসি।
এই তিন জনের মধ্যে জার্মানির বিশ্বকাপ-জয়ী কোচ লুভই কেবল টিটোর ভোট পেয়েছেন।
“কোচের ভোট তিনটা যথাক্রমে ইওয়াখিম লুভ, পেপ গার্দিওলা ও লুইস ফন গালকে দিয়েছি।”
আগামী ১২ জানুয়ারি জুরিখে দেয়া হবে ২০১৪ সালের এই ব্যালন ডি’অর পুরস্কার। একই দিনে জানা যাবে বর্ষসেরা কোচের নামও।
ফ্রান্স ফুটবল ১৯৫৬ সাল থেকে ইউরোপের সেরা ফুটবলারকে ব্যালন ডি’অর পুরস্কার দিত। ২০০৭ সাল থেকে পুরস্কারটি দেয়া হয় বিশ্বের সেরা ফুটবলারকে।
২০১০ সাল থেকে ফিফার বর্ষসেরা পুরস্কারের সঙ্গে একীভূত হয়ে এর নাম হয় ফিফা ব্যালন ডি’অর। বিজয়ীরা নির্বাচিত হন জাতীয় দলগুলোর অধিনায়ক ও কোচ এবং ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বাছাই করা ক্রীড়া সাংবাদিকের ভোটে।
