ওমানকে হারিয়ে হকির জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ
ওমানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপের টিকেট নিশ্চিত করেছে বাংলাদেশ হকি দল। বৃহস্পতিবার জুনিয়র এএইচএফ কাপ হকিতে ওমানকে ৭-০ গোলে হারিয়েছে অনূর্ধ্ব-২১ দলের তরুণেরা।
টানা তিন জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ৯ পয়েন্ট পেয়েছে বাংলাদেশের যুবারা। এই আসরের সেরা দুই দল খেলবে মালয়েশিয়ায় ২০১৫ সালের জুনিয়র এশিয়া কাপে।
বৃহস্পতিবার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বাংলাদেশের জয়ে তিনটি গোল করেন খোরশেদুর রহমান।
অষ্টম মিনিটে ওমানের একটি পেনাল্টি কর্নার রুখে দেয়ার পর পরই আক্রমণে যায় বাংলাদেশ। কিন্তু নাইম উদ্দিন সুযোগটি কাজে লাগাতে পারেননি। তবে গোলের জন্য স্বাগতিকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।
১৫তম মিনিটে প্রথম পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। মিলন হোসেনের পুশে অধিনায়ক সারোয়ার হোসেনের স্টপ থেকে দারুণ হিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন খোরশেদুর রহমান।
