মেসির বাক্সেই মার্তিনোর ভোট
ফিফা-ব্যালন ডি’অর জয়ী নির্ধারণে নিজের ভোটটা লিওনেল মেসিকেই দিয়েছেন বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনো।
বর্ষসেরার পুরস্কারের জন্য ঘোষিত তিনজনের সংক্ষিপ্ত তালিকায় ক্রিস্তিয়ানো রোনালদো ও মানুয়েল নয়ারের সঙ্গে আছেন চারবারের বিজয়ী মেসি।
বায়ার্ন মিউনিখের গোলরক্ষক নয়ার জার্মানির হয়ে গত বিশ্বকাপ জেতেন। আর রোনালদো গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে জেতেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। সেই তুলনায় গত এক বছরে মেসির অর্জন খুব বেশি নয়। বিশ্বকাপে রানার্সআপ হয়েছে তার আর্জেন্টিনা। আর তিনি নিজে জেতেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
এরপরও বার্সেলোনা তারকা মেসিকেই এগিয়ে রাখছেন মার্তিনো। টানা আটবার ফিফার মনোনয়ন পাওয়া মেসিরই এবারের বর্ষসেরার পুরস্কার জেতা উচিৎ বলে মনে করেন আর্জেন্টিনার কোচ।
আজেন্টিনার রেডিও বেলগ্রানোকে বার্সেলোনার গত মৌসুমের কোচ মার্তিনো জানান, মেসির ক্ষেত্রে আর তিনি বস্তুনিষ্ঠ থাকতে পারেন না।
“ব্যালন ডি’অরের জন্য আমি মেসিকে ভোট দিয়েছি। মেসি প্রতিযোগিতায় থাকলে আমি চাইব, সে-ই জিতুক।"
আর বর্ষসেরা কোচ দিয়েগো সিমেওনের হওয়া উচিৎ বলে মনে করেন আর্জেন্টিনার জাতীয় দলের এই কাণ্ডারি।
বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ সিমেওনের সঙ্গে আছেন কার্লো আনচেলত্তি ও ইওয়াখিম লুভ।
আনচেলত্তি রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের দশম শিরোপা জেতান। আর লুভ জার্মানিকে এনে দেন বিশ্বকাপ জয়ের আনন্দ। সিমেওনে আতলেতিকো মাদ্রিদকে জেতান স্পেনের লা লিগা।
ফিফা-ব্যালন ডি'অর জয়ীর নাম আগামী ১২ জানুয়ারি ঘোষণা করা হবে। একই দিনে জানা যাবে বর্ষসেরা কোচের নামও।
