ইব্রাবিহীন পিএসজির ড্র
ফ্রান্সের লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে পিএসজি। জ্লাতান ইব্রাহিমোভিচকে ছাড়া খেলতে নেমে লিলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গত মৌসুমের চ্যাম্পিয়নরা।
চোট কাটিয়ে ফিরে টানা চার ম্যাচ খেলা ইব্রাহিমোভিচকে বুধবার লিলের মাঠে বিশ্রাম দেয় পিএসজি। তবে ২৯তম মিনিটে এদিনসন কাভানির গোলে এগিয়ে যায় তারা।
পিএসজি গোলরক্ষক সালভাতোরে সিরিগুর আত্মঘাতী গোলে ৪২তম মিনিটে সমতায় ফেরে লিল। প্রতিপক্ষ খেলোয়াড়ের একটি ক্রস বিপদমুক্ত করতে গিয়ে পাঞ্চ করেন সিরিগু। কিন্তু বল ঢুকে যায় তার নিজের জালেই।
এই ম্যাচ শেষে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পিএসজি। সমান ম্যাচে শীর্ষে থাকা মার্সেইয়ের পয়েন্ট ৩৫। ম্যাচটি জিতলে এক পয়েন্টের ব্যবধানে শীর্ষে থাকত পিএসজি।
