২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুরন্ত আগুয়েরোয় ম্যান সিটির বড় জয়

পিছিয়ে পড়েও সান্ডারল্যান্ডের মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। সের্হিও আগুয়েরোর জোড়া গোলে বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 11:09 AM

Updated : 13 Oct 2022, 12:53 PM

সিটির অন্য দু’টি গোল করেন স্তেভান ইয়োভেতিচ ও পাবলো সাবালেতা।

কনর উইকহ্যামের গোলে নিজেদের মাঠে ১৯তম মিনিটে এগিয়ে যায় সান্ডারল্যান্ড। তবে দুই মিনিটের ব্যবধানেই ম্যানচেস্টার সিটিকে সমতায় ফেরান আগুয়েরো। ১৬ গজ দুর থেকে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।

প্রথমার্ধেই ইয়োভেতিচের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় মানুয়েল পেল্লেগ্রিনির দল। আর ৫৫তম মিনিটে সাবালেতার নিখুঁত ভলিতে স্কোরলাইন ৩-১ হয়ে যায়।

৭১তম মিনিটে ম্যানচেস্টার সিটির টানা তৃতীয় লিগ ম্যাচ জয় অনেকটাই নিশ্চিত করে দেন আগুয়েরো। জেমস মিলনারের ক্রস আলতে টোকায় জালে বল জড়ান তিনি।

১৪ গোল করে চলতি মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতার আসন ধরে রেখেছেন আগুয়েরো। আর সব মিলিয়ে চলতি মৌসুমে আজেন্টিনার এ ফরোয়ার্ডের গোল হলো ১৯টি।

১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা চেলসির চেয়ে ৬ পয়েন্ট পেছনে আছে তারা।