সানচেসে রক্ষা আর্সেনালের
ইংলিশ প্রিমিয়ার লিগে এ মৌসুমে ধুকতে থাকা আর্সেনালকে উজ্জীবিত করার মতো জয় এনে দিয়েছেন আলেক্সিস সানচেসে। চিলির এই তারকা ফরোয়ার্ডের শেষ সময়ের গোলে বুধবার সাউথ্যাম্পটনকে হারিয়েছে আর্সেন ভেঙ্গারের দল।
১-০ গোলের এই জয়ে ইপিএলের পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে আর্সেনাল।
নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল একের পর এক আক্রমণ চালালেও গোলরক্ষক ফ্রেজার ফর্সটারের দৃঢ়তায় লড়াইয়ে ছিল সাউথ্যাম্পটন। ড্যানি ওয়েলবেক আর অলিভিয়ে জিরুদের গোলের প্রচেষ্টা নৎসাত করে দিয়ে আর্সেনাল সমর্থকদের হতাশায় পোড়ান তিনি। তবে ফর্মে থাকা চিলির ফরোয়ার্ড সানচেসকে আর ঠেকানো যায়নি।
অ্যারন রামজির ক্রস থেকে ম্যাচের ৮৯তম মিনিটে গোলটি করেন সানচেস। লিগে এটা সাবেক বার্সেলোনা তারকার নবম গোল।
এই জয়ে ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট পেয়েছে আর্সেনাল। টানা দুটি হারের পরও ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সাউথ্যাম্পটন। গত রোববার ম্যানচেস্টার সিটির কাছে নিজেদের মাঠে হেরেছিল এ মৌসুমে চমক দেখানো দলটি।
১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জোসে মরিনিয়োর দল। সমান ম্যাচ খেলে ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
