হ্যাজার্ড, দ্রগবায় জিতল দুরন্ত চেলসি
স্ট্যামফোর্ড ব্রিজে জয়ের স্বাদ পাওয়া হলো না টটেনহ্যামের। বুধবার রাতে চেলসির মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-০ গোলে হেরেছে তারা।
এ নিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে লিগে টানা ২৩টি ম্যাচ জয়শূন্য থাকল টটেনহ্যাম।
চেলসির জয়ে একটি করে গোল করেন এডেন হ্যাজার্ড, দিদিয়ের দ্রগবা আর লোইক রেমি।
ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক চেলসি। দ্রগবার সঙ্গে বল দেয়া নেয়া করে গোলটি করেন বেলজিয়াম তারকা হ্যাজার্ড।
তিন মিনিট পর গোলরক্ষক উগো লরিসের ভুলে আরো পিছিয়ে পড়ে টটেনহ্যাম। লরিসের শট গিয়ে পড়ে হ্যাজার্ডের কাছে। বেলজিয়াম তারকার কাছ থেকে ব্রাজিলের অস্কার হয়ে বল যায় দিদিয়ের দ্রগবার কাছে। তা থেকে গোল করতে কোনো ভুল করেননি কোত দি ভোয়ার ফরোয়ার্ড দ্রগবা।
ফ্রান্সের ফরোয়ার্ড রেমির ৭৩ মিনিটের গোলে স্বাগতিকদের বড় জয় নিশ্চিত হয়।
১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পোক্ত করলো জোসে মরিনিয়োর দল। সমান ম্যাচ খেলে ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
