২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটান জয়ের গল্প শোনালেন ফুটবলাররা

বাংলাদেশের প্রথম দল হিসেবে ভুটানের কিংস কাপ জয় করার পর দেশে ফিরে সংবর্ধনা পেলেন শেখ জামালের ফুটবলাররা। জয়ের নায়করা জানালেন প্রতিকূলতা পেরিয়ে ভুটান জয়ের গল্প।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 12:34 AM

Updated : 13 Oct 2022, 12:53 PM

বুধবার রাত নয়টায় বিমানে ভারত থেকে দেশে ফেরেন তারা। সংবর্ধনা পাওয়ার পর বিমানবন্দরে বসেই প্রস্তুতির ঘাটতি আর প্রতিকূল আবহাওয়ার মধ্যে শিরোপা জয়ের কথা শোনালেন ফুটবলাররা।

ফাইনালে পুনে এফসির জালে গোল করা ইয়াসিন খান বলেন, “ওখানে যে কী অবস্থা..আমাদের তিন-চার জন খেলোয়ারের তো নাক দিয়ে রক্ত বেরিয়েছিল।”

তবে জয়ের আনন্দে ভুটানের ঠাণ্ডা আর মনে রাখছেন না এই ডিফেন্ডার।

“আমরা যেভাবে খেলেছি, তাতে ভীষণ খুশি। ফাইনালে গোল করেছি এবং আমার কাছে এটাই সেরা মুহূর্ত।”

“ম্যাচের আগের কোচ আমাদের বলেছিল, সেট পিস হলেই আমি ও নাসির হেড দিতে যাব এবং কোচের কথা মতো কাজ করে সাফল্য পেয়েছি”, যোগ করেন তিনি।

ভারতে আইএফএ শিল্ডের গত আসরের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি শেখ জামাল। ভুটানের কিংস কাপ জিতে সে দুঃখ ভোলার কথা জানিয়েছেন দলটির অধিনায়ক নাসির উদ্দিন।

“আইএফএ শিল্ডের শিরোপা জিততে না পারার দুঃখও ছিল। কিংস কাপে লাল কার্ড পেয়েছিলাম। শিরোপা জেতায় সব দুঃখ ভুলেছি।”

“আমার মনে হয় আইএফএ শিল্ডের চেয়ে কিংস কাপে প্রতিযোগিতা অনেক বেশী। এখন আমরা জয়ের মানসিকতা নিয়ে খেলি; মাথা উচু করে খেলি”, যোগ করেন তিনি।

বাংলাদেশের প্রথম কোচ হিসেবে ভুটানের কিংস কাপের জয়ের কৃতিত্ব মারুফুল হকের। তবে সাফল্যের পুরোটাই ছাত্রদের মাঝে বিলিয়ে দিয়েছেন তিনি।

“ওখানকার কণ্ডিশন আমাদের পক্ষে ছিল না। ভেন্যু ছিল সমতল থেকে অনেক উচুতে। তবে ছেলেরা ফাইনালে পর্যন্ত মনোযোগ ধরে রেখেই তারা শিরোপা জিতেছে। এ কৃতিত্ব তাদের।”

গত মঙ্গলবারের ফাইনালে পুনে এফসিকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম দল হিসেবে কিংস কাপের শিরোপা জিতে শেখ জামাল। থিম্পুর চ্যাংলিমিথাং মাঠে জামালের হয়ে জয়সূচক গোলটি করেন ইয়াসিন খান।

উদ্বোধনী ম্যাচে ভুটানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন ড্রুক ইউনাইটেডকে হারায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নরা।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের নাখোন র‌্যাটচেসিমার সঙ্গে ড্র করেছিল মারুফুল হকের দল। তবে গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের মোহনবাগানকে ৫-৩ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠেছিল শেখ জামাল।

সেমি-ফাইনালে মানাং মার্সিয়াংদির মুখোমুখি হয় শেষ জামাল। নেপালের ঘরোয়া লিগের চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে ফাইনালে উঠেছিল শেখ জামাল।