সেরা কোচের লড়াইয়ে তিন চ্যাম্পিয়ন
ফিফার বর্ষসেরা কোচের লড়াইয়ে আছেন ইওয়াখিম লুভ, কার্লো আনচেলত্তি ও দিয়েগো সিমেওনে। সোমবার সবশেষ সংক্ষিপ্ত তালিকায় তিন চ্যাম্পিয়ন দলের এই কোচদের নাম ঘোষণা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
জার্মানির কোচ লুভ তার দলকে ব্রাজিল বিশ্বকাপ জিতিয়ে এই লড়াইয়ে অনেকটাই এগিয়ে আছেন।
আনচেলত্তি স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগে বহু কাঙ্খিত দশম শিরোপা জেতান।
এ দুজনের তুলনায় আতলেতিকো মাদ্রিদের কোচ সিমেওনের সাফল্য হয়তো অত বড় নয়। তবে রিয়াল আর বার্সেলোনার চেয়ে অর্থ আর তারকাদ্যুতিতে অনেক পিছিয়ে থাকা একটি দলকে স্পেনের লা লিগার চ্যাম্পিয়ন বানানোটা অনেক বড় কৃতিত্বই।
ফিফা-ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের সঙ্গে বর্ষসেরা কোচের নামও ১২ জানুয়ারি ঘোষণা করা হবে।
