২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব একাদশে জায়গার লড়াইয়ে ১৫ জন ফরোয়ার্ড

ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশের ফরোয়ার্ড নির্বাচনের জন্য ১৫ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 12:52 AM

Updated : 25 Apr 2022, 05:03 PM

তালিকায় প্রত্যাশিতভাবেই আছেন সময়ের সেরা দুই তারকা এবং ফিফা ব্যালন ডি’অর পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় থাকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো।

সোমবার ফুটবলারদের সংস্থা ফিফপ্রো এবং ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০১৪ সালের সেরা একাদশ গঠনের লক্ষ্যে ফরোয়ার্ডদের এই তালিকা ঘোষণা করে।

গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে দারুণ অবদান রাখেন লিওনেল মেসি। বিশ্বকাপে চার গোল করা মেসির সঙ্গে এই তালিকায় আছেন তার জাতীয় দল সতীর্থ সের্হিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটির গত মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়েও দারুণ ভুমিকা রাখেন আগুয়েরো।

তালিকায় গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দশমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা রোনালদোর সঙ্গে আছেন গ্যারেথ বেল ও করিম বেনজেমা।

এই তালিকায় প্রত্যাশিতভাবেই আছেন জার্মানির বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক বায়ার্ন মিউনিখের টমাস মুলার।

বায়ার্ন মিউনিখ থেকে আরো আছেন আরিয়েন রবেন ও ফ্রাঙ্ক রিবেরি।

মুলার ছাড়াও বিশ্বকাপজয়ী জার্মানি দলের আরেক ফরোয়ার্ড বরুসিয়া ডর্টমুন্ডের মার্কো রয়েস আছেন এই তালিকায়।

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ইংল্যান্ড। ম্যানচেস্টার ইউনাইটেডেরও গত লিগ মৌসুম বাজে কেটেছে। তার পরও এই তালিকায় আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনি।

ব্রাজিল বিশ্বকাপে ইতালির জর্জো কিয়েল্লিকে কামড়ে দেয়া উরুগুয়ে ফরোয়ার্ড লুইস সুয়ারেসও আছেন এই তালিকায়। গত মৌসুমে লিভারপুল লিগ শিরোপা না পেলেও ৩১ গোল নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন বর্তমানে বার্সেলোনায় খেলা সুয়ারেস।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির শিরোপা জয়ে দারুণ অবদান রাখা জ্লাতান ইব্রাহিমোভিচও আছেন এই তালিকায়।

১৫ জন ফরোয়ার্ড: সের্হিও আগুয়েরো, গ্যারেথ বেল, করিম বেনজেমা, দিয়েগো কস্তা, ক্রিস্তিয়ানো রোনালদো, জ্লাতান ইব্রাহিমোভিচ, রবের্ত লেভানদোভোস্কি, লিওনেল মেসি, টমাস মুলার, নেইমার, মার্কো রয়েস, আরিয়েন রবেন, ফ্রাঙ্ক রিবেরি, ওয়েইন রুনি, লুইস সুয়ারেস।

পুরনো খবর:

বিশ্ব একাদশে জায়গার লড়াইয়ে ১৫ মিডফিল্ডার