২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির মাথায় বোতলের ঘা

ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে বার্সেলোনার তারকা লিওনেল মেসির মাথায় বোতল ছুঁড়ে মেরেছে এক সমর্থক। তবে ভাগ্য ভালো আর্জেন্টিনা তারকার; বোতলটি প্লাস্টিকের হওয়ায় কোনো ক্ষতি হয়নি তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 08:09 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

ভালেন্সিয়ার মাঠে গত রোববার একের পর এক আক্রমণ করেও গোল পাচ্ছিল না বার্সেলোনা। নির্ধারিত নব্বই মিনিট শেষে যোগ করা সময়ের শেষ মুহূর্তে সের্হিও বুসকেতসের গোলে নাটকীয় এক জয় পায় বার্সেলোনা।

মাঠের সীমানার কাছে খেলোয়াড়দের গোল উদযাপনের সময় গ্যালারি থেকে ছোড়া প্লাস্টিকের একটি বোতল মেসির মাথায় আঘাত করে। মেসিকেও কিছু সময় মাথায় আঘাত পাওয়া জায়গায় হাত দিয়ে রাখতে দেখা যায়।

মাঠের ভেতরে এ ধরণের পরিস্থিতি মেনে নিতে পারছেন না বার্সেলোনা কোচ লুইস এনরিকে। স্প্যানিশ ক্লাবগুলো এ ধরণের ঘটনা এড়ানোর চেষ্টা করছে বলে তিনি জানান।

“আপনি যে কোনো মাঠে এ ধরণের পাগলের পাল্লায় পড়তে পারেন, যারা ঝামেলা তৈরির জন্য মরিয়া থাকে। কিন্তু আমরা এদের বিপক্ষে লড়াই চালিয়ে যাচ্ছি।”

ওই দিনই আতলেতিকো মাদ্রিদ ও দেপোর্তিভো লা করুনার ম্যাচের আগে মাদ্রিদ শহরে দু্ই দলের সমর্থকদের মারামারিতে এক জন প্রাণ হারায়। সে প্রসঙ্গ টেনে এনরিকে বলেন, “সকালেই ওই ধরণের ঘটনা ঘটেছে এবং এটা আসলেই দুর্ভাগ্যজনক। কিন্তু এটা ফুটবলের প্রতিনিধিত্ব করে না।”