২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় জয়ে হকিতে বাংলাদেশের তরুণদের শুভ সূচনা

বড় জয় দিয়ে জুনিয়র এএইচএফ কাপ শুরু করল বাংলাদেশ হকি দল। নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে অনূর্ধ্ব-২১ দলের তরুণরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 05:35 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

সোমবার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বাংলাদেশের জয়ে খোরশেদুর রহমান, মিলন ও কৌশিক দুটি এবং আশরাফুল একটি করে গোল করেন।

একের পর এক সুযোগ নষ্ট করার পর ২৭তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। আগের দুটি পেনাল্টি কর্নার থেকে গোল তুলে নিতে না পারা বাংলাদেশ এবার আর ব্যর্থ হয়নি। মিলনের পুশ আর সরোয়ারের স্টপ থেকে হিটে গোলটি করেন খোরশেদ।

বিরতির পর পরই ব্যবধান বাড়িয়ে নেয় স্বাগতিকরা। পেনাল্টি কর্নার থেকে নেয়া খোরশেদুর রহমানের হিটে ফ্লিক করে গোলরক্ষককে পরাস্ত করেন কৌশিক।

এরপর নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানো চাইনিজ তাইপে একের পর এক গোল খেয়েছে। দুই মিনিটের ব্যবধানে দুই গোল তুলে স্কোরলাইন ৪-০ করে নেয় বাংলাদেশ। ৪৩তম মিনিটে আশরাফুল ফিল্ড গোল করেন। আর ৪৬তম মিনিটে চাইনিজ তাইপের ডিফেন্স ভেঙে একক প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন খোরশেদ।

৫০তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন মিলন। এরপর ৫৩তম মিনিটে কৌশিক ও ৫৬তম মিনিটে মিলন আবারো গোল করলে ৭-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

৫৮তম মিনিটে চাইনিজ তাইপে পেনাল্টি কর্নার পেলেও বাংলাদেশ গোলরক্ষক অসিম গোপের দৃঢ়তায় গোল করতে পারেনি।

মঙ্গলবার থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

দিনের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ওমান।