২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তের নাটকীয়তায় বার্সার জয়

গোলশূন্য নব্বই মিনিটের পর যোগ করা সময়ের শেষ মুহূর্তের গোলে ভালেন্সিয়াকে হারিয়েছে বার্সেলোনা। লুইস এনরিকের দলকে জয় এনে দেয়া গোলটি করেন সের্হিও বুসকেতস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 04:07 AM

Updated : 25 Apr 2022, 05:03 PM

ভালেন্সিয়ার মাঠ মেস্তায়া স্টেডিয়ামে ম্যাচের চতুর্দশ মিনিটে সহজ একটি সুযোগ নষ্ট করেন লুইস সুয়ারেস। ডি-বক্সের ভেতর বল পেয়ে তিনি সজোরে শট নিয়েছিলেন গোলরক্ষক দিয়েগো আলভেস বরাবর।

বল দখলে বার্সেলোনা অনেক এগিয়ে থাকলেও প্রথমার্ধে বলতে গেলে নিষ্প্রভ ছিলেন বার্সেলোনার আক্রমণভাগের তিন তারকা, লিওনেল মেসি, নেইমার ও সুয়ারেস।

দ্বিতীয়ার্ধে অবশ্য একের পর এক আক্রমণ শানায় বার্সেলোনা। ভালেন্সিয়া মনোযোগ দেয় পাল্টা আক্রমণে।

৫৮তম মিনিটে আবারও দারুণ একটি সুযোগ এসেছিল সুয়ারেসের সামনে। ছুটে আসা গোলরক্ষকে কাটিয়েও কোনাকুনি শটটি তিনি নেন বাইরের জালে।

৭০তম মিনিটে অবশ্য বল ঠিকই জালে জড়িয়েছিলেন সুয়ারেস। তবে ‘বিতর্কিত’ অফসাইডের জন্য তা বাতিল হয়ে যায়।

পরের মিনিটে ভালো একটি সুযোগ পেয়েও গোল করতে পারেনি ভালেন্সিয়ার ফরোয়ার্ড ফেঘুইলি। দারুণ দক্ষতায় তার শট ফিরিয়ে দেন গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো।

৭৮তম মিনিটে আবার বার্সেলোনার ত্রাতা হয়ে আসেন ব্রাভো। নেগ্রেদোর জোরালো নিচু একটি শট দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে ফেরান চিলির এই গোলরক্ষক।

ম্যাচের নির্ধারিত সময় শেষে যোগ করা ৩ মিনিটে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা।

অবশেষে শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে গোল পায় অতিথিরা। দূরের পোস্টে মেসির ভাসানো বলে নেইমারের খুব কাছ থেকে হেড অবিশ্বাস্য দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক আলভেস। ফিরতি বলে বুসকেতসের শট আর ঠেকাতে পারেননি তিনি।

১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। আর এ ম্যাচ জিতে ৩১ পয়েন্ট নিয়ে তাদের পেছনেই আছে বার্সেলোনা। ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ।