সাউথ্যাম্পটনকে হারিয়ে লড়াইয়ে ম্যান সিটি
মাঝের খারাপ সময় কাটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে ফিরছে ম্যানচেস্টার সিটি। সাউথ্যাম্পটনকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার সাউথ্যাম্পটনের মাঠে সিটির গোল তিনটি করেন ইয়াইয়া তুরে, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও গাইল ক্লিসি।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সিটিকে এগিয়ে দেন তুরে। সের্হিও আগুয়েরোর পাস পেয়ে ডি বক্সের বাইরে থেকে নিচু শট নেন কোত দি ভোয়ার এই মিডফিল্ডার। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে বল আরো নিচু হয়ে জালে ঢুকে যায়।
৭৪তম মিনিটে বড় একটা ধাক্কা খায় অতিথিরা। ফরাসি ডিফেন্ডার এলিয়াকিম মাঙ্গালা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় দলটি।
তাতে অবশ্য তেমন একটা ভুগতে দেখা যায়নি সিটিকে, বরং ছয় মিনিট পরেই ব্যবধান বাড়ান ল্যাম্পার্ড। স্বদেশী মিডফিল্ডার জেমস মিলনারের বাড়ানো বল ধরে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ইংল্যান্ডের এই তারকা মিডফিল্ডার।
চার মিনিট পর গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে ব্যর্থ হন গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হ্যাটট্রিক করা আগুয়েরো।
আর নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে জয় নিশ্চিত করা গোলটি করেন ক্লিসি। আর্জেন্টিনার স্ট্রাইকার আগুয়েরোর দারুণ একটি পাস থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান ফরাসি এই ডিফেন্ডার।
এই জয়ে ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে এক ধাপ উপরে উঠে এসেছে সিটি। তৃতীয় স্থানে নেমে যাওয়া সাউথ্যাম্পটনের পয়েন্ট ২৬। ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি।
