২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্ন দেখাচ্ছেন হকির নতুন কোচ

বাংলাদেশ হকি দলের কোচ হয়েই স্বপ্ন দেখাতে শুরু করেছেন নতুন কোচ গোবিনাথান কৃষ্ণমুর্তি। বাংলাদেশকে বিশ্ব হকি লিগের তৃতীয় পর্বে তুলতে চান মালয়েশিয়ার এই কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 04:02 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

রোববার সকালে বাংলাদেশে এসেই হকি ফেডারেশনের সঙ্গে বসেছিলেন গোবিনাথান।

ফেডারেশনের কর্মকর্তারা জানান, বনিবনা হওয়ায় দুই মাসের জন্য তাকে কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আপাতত তার দায়িত্ব থাকছে বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্ব পর্যন্ত।

৩৬ বছর বয়সী গোবিনাথান জানান, বিশ্ব হকি লিগের প্রস্তুতির সময়টা খুব বেশি না পেলেও সাফল্য চান তিনি।

২০১৫ সালের জানুয়ারিতে সিঙ্গাপুরে হবে বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বের খেলা।

২০০৭ সালে কোচিং ক্যারিয়ার শুরু করা গোবিনাথান বলেন, “আমার একটাই কথা, সামনে এগিয়ে যেতে হবে। আরো উন্নতি করতে হবে। আমার প্রথম লক্ষ্য, বাংলাদেশকে বিশ্ব হকি লিগের তৃতীয় রাউন্ডে নিয়ে যাওয়া।”

১৯৯৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত মালয়েশিয়া দলের রক্ষণভাগ সামলানো গোবিনাথান জানান, খেলোয়াড়ি জীবনের মতো কোচিং ক্যারিয়ারেও ‘যেকোনো মূল্যে জয়’ পাওয়ার দর্শন তার।
হকি স্টিক তুলে রাখার পর মালয়শিয়ার বয়সভিত্তিক দলের কোচ হিসেবে কাজ করা গোবিনাথান বলেন, “আমি যে খেলাই খেলি না কেন, সব সময় জিততে চাই। কিভাবে জিতব সেটা বড় কথা না। কিভাবে খেলব সেটাও বড় কথা না। আসলে জয় তো জয়ই।”

“হকি আমার কাছে ১১ জন বনাম ১১ জনের খেলা। আমাকে যেমন দলই দেওয়া হোক না কেন, আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত”, যোগ করেন তিনি। বিশ্ব হকি লিগের প্রথম পর্বের চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে উঠেছে বাংলাদেশ হকি দল। তবে সবশেষ এশিয়ান গেমসে মালয়েশিয়ার বিপক্ষে ভালো লড়াই করে হেরে যায় বাংলাদেশ। মিমো-চয়নদের খেলার ভিডিও ফুটেজ দেখার পাশাপাশি ওই ম্যাচটি দেখার কথাও জানালেন গোবিনাথান। “হ্যাঁ, সব ম্যাচই দেখেছি। (মালয়েশিয়ার বিপক্ষে) বাংলাদেশ প্রথম তিন কোয়ার্টার দুর্দান্ত খেলেছিল। শেষ কোয়ার্টারে এসে তারা হেরে যায়।” বাংলাদেশ দল নিয়ে আশাবাদী গোবিনাথান। আন্তুর্জাতিক হকিতে এখন দলীয় ছন্দটাই আসল উল্লেখ করে তিনি বলেন, “আগে যতটা ছিল, এই মুহূর্তে হকিতে ব্যক্তিগত পারফরম্যান্স বলে সেটা নেই। এটা এখন অনেক বেশি গতি এবং শক্তির খেলা। এখানে টেম্পোটাও একই সঙ্গে ধরে রাখতে হবে। যখন আপনি টেম্পো হারিয়ে ফেলবেন, তখনই প্রতিপক্ষ গোল দেবে।” “আমি বাংলাদেশের খেলার কিছু ভিডিও ফুটেজ দেখেছি। এখানে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। এটা হলেই বিশ্ব হকি লিগের তৃতীয় পর্বে ওঠা সম্ভব”, যোগ করেন তিনি।