২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাটট্রিকের আবেশ নিয়ে মেস্তায়ায় মেসি

ভালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার ম্যাচের আগে লিওনেল মেসির হ্যাটট্রিকের আবেশ ছড়িয়ে পড়েছে স্পেনের ফুটবল আকাশে। গোল-খরা কাটিয়ে পরপর দুটি হ্যাটট্রিক করে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড। এ ছাড়া ভালেন্সিয়ার বিপক্ষেও তার আছে দারুণ এক হ্যাটট্রিকের সুখস্মৃতি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 02:40 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

ভালেন্সিয়ার মাঠ মেস্তায়া স্টেডিয়ামে স্পেনের লা লিগায় রোববার বাংলাদেশ সময় রাত ২টায় খেলতে নামবে বার্সেলোনা।

ম্যাচটি মেস্তায়াতে বলেই মেসির হ্যাটট্রিক নিয়ে আরো বেশি কথা হচ্ছে। ভালেন্সিয়ার এই মাঠটি মেসির জন্য যেন সৌভাগ্যের হাত বাড়িয়ে বসে থাকে।

গত মৌসুমে এই মাঠে দারুণ এক হ্যাটট্রিক করেন তিনি। ৪১ মিনিটের মধ্যে করা সেই তিন গোল মেসির ক্যারিয়ারে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। মেসি তার ক্যারিয়ারে দ্রুততম হ্যাটট্রিকটি ২০১১ সালে মায়োর্কার বিপক্ষে করেন। সেবার ক্যাম্প নউতে ৩০ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন আর্জেন্টিনার তারকা।

স্পেনের লা লিগায় তেলমো সাররার সর্বোচ্চ গোলের রেকর্ড (২৫১ গোল) ভাঙার হাতছানি নিয়ে খেলতে নেমে ৩টি ম্যাচে গোলহীন ছিলেন মেসি। রিয়াল মাদ্রিদ, সেলতা ভিগো আর আলমেরিয়ার বিপক্ষে গোলহীন থাকার পর সেভিয়া ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। ২৫৩ গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতা এখন বার্সেলোনার এই তারকা।

এরপর চ্যাম্পিয়ন্স লিগে আপোয়েলের বিপক্ষে হ্যাটট্রিক করে রাউল গনসালেসের সর্বোচ্চ গোলের (৭১ গোল) রেকর্ড ভাঙেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে এখন তার গোল সংখ্যা ৭৪টি।

সবকিছু মিলিয়ে ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচেও মেসির কাছ থেকে এমন কিছুই প্রত্যাশা করছে বার্সেলোনার সমর্থকরা।

কোচ লুইস এনরিকে অবশ্য ব্যক্তি মেসির গোল নিয়ে ভাবছেন না, তার চোখ শুধুই দলের জয়ের দিকে। পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলে শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদের পাশাপাশিই এগোতে পারবে তার দল।

১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। আর এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ২৮।