২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোকে নিয়ে প্লাতিনির মন্তব্যের সমালোচনায় রিয়াল

ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির মন্তব্যের সমালোচনা করেছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 02:00 AM

Updated : 13 Oct 2022, 12:52 PM

সম্প্রতি প্লাতিনি বলেছিলেন, পর্তুগিজ এই তারকা নন, বিশ্বকাপ জয়ী জার্মানি দলের কারোরই ফিফা ব্যালন ডি’অর পুরস্কার জেতা উচিত।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের ওই মন্তব্যে ‘বিস্ময়’ প্রকাশ করেছে স্পেনের ক্লাবটি।

শুক্রবার এক বিবৃতিতে রিয়াল কর্তৃপক্ষ জানায়, ফিফা ব্যালন ডি’অর জয়ী বাছাইয়ে প্লাতিনির বারবার নিজের মতামত দেয়ায় তারা বিষ্মিত। বিশেষ করে তিনি ইউরোপীয় ফুটবলের প্রধান কর্মকতা হওয়ায় তার এমন কথা বলা উচিত নয়।

বিবৃতিতে ক্লাবটি আরো জানায়, এ বছর ব্যক্তিগত নৈপুণ্যে ক্রিস্তিয়ানো রোনালদো নি:সন্দেহে সেরা। তাই আগের বছরগুলোর তুলনায় এবার সে ব্যালন ডি’অর জয়ে আরো বেশি যোগ্য।

গত মৌসুমে মাদ্রিদের ক্লাবটিকে দশমবারের মতো ইউরোপীয় সেরার পুরস্কার জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পর্তুগিজ এই তারকা।

গত মৌসুমে ক্লাবকে কোপা দেল রে এবং উয়েফা সুপার কাপ জেতাতেও অবদান রাখেন রোনালদো।

এই বছরে এখন পর্যন্ত রিয়ালের হয়ে ৪৫ ম্যাচ খেলে ৪৮ গোল করেছেন রোনালদো।

সাবেক ফরাসি মিডফিল্ডার প্লাতিনি বলেছিলেন, বিশ্বকাপ জয়ী জার্মানির কোনো খেলোয়াড়েরই এবারের ফিফা ব্যালন ডি'অর প্রাপ্য। আগামী ১২ জানুয়ারি জুরিখে এই পুরস্কার দেয়া হবে।

এই পুরস্কারের জন্য মনোনীত ২৩ জনের সংক্ষিপ্ত তালিকায় ব্রাজিল বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি দলের মোট ছযজন আছেন। তারা হলেন- মারিও গোটসে, টনি ক্রুস, ফিলিপ লাম, টমাস মুলার, মানুয়েল নয়ার এবং বাস্তিয়ান শোয়াইনস্টাইহগার।