এএইচএফ কাপ হকি: চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য
ওমান ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও জুনিয়র এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশ হকি দলের।
শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে জার্সি উন্মোচন অনুষ্ঠানে এসে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য জানান কোচ মামুনুর রশীদ ও অধিনায়ক সারোয়ার হোসেন।
এই আসরের জন্য প্রায় তিন মাস ধরে প্রস্তুতি নিচ্ছে জুনিয়র হকি দল। তবে কোচ মামুনুর দলের সঙ্গে দুই সপ্তাহ কাজের সুযোগ পেয়েছেন। তবে ছাত্রদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তিনি।
“বারো দিন দলের সঙ্গে কাজ করেছি। মাঝমাঠ আর রক্ষণভাগ গোছানো নিয়েই বেশি ব্যস্ত ছিলাম। তবে এ দলটা কারো একার উপর নির্ভর করে না। একটা দল হয়ে খেলবে এবং এটাই আমাদের শক্তির জায়গা।”
“আমরা নিজেদের মাঠে খেলব। পরিবেশ, দর্শক, খাবার সবই আমাদের চেনা। আশা করি, আমরাই চ্যাম্পিয়ন হব।”, যোগ করেন কোচ।
রোববার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হবে জুনিয়র এএইচএফ কাপ হকি। অনূর্ধ্ব-২১ দলের এই আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও চাইনিজ-তাইপে। পরের দিন বাংলাদেশ মুখোমুখি হবে চাইনিজ-তাইপের।
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য পূরণে জয়ে শুরু চান বাংলাদেশ অধিনায়ক সারোয়ার। প্রতিপক্ষকে সমীহ করলেও তিনি বলেন, “ওমান, শ্রীলঙ্কার মতো ভালো দল আছে। তবে আমরা তাদের হারিয়েই চ্যাম্পিয়ন হতে চাই। আর এ জন্য প্রথম ম্যাচে জয় পাওয়াটাও জরুরি।”
ভারতে প্রস্তুতি ম্যাচে মাঝমাঠ ও রক্ষণভাগের সমন্বয়হীনতার প্রসঙ্গে সারোয়ার বলেন, “এ ক’দিন মাঝমাঠ ও রক্ষণভাগের মধ্যকার সমন্বয় নিয়ে কাজ করেছি। এই আসরেই আমরা দেখিয়ে দিতে চাই-আমরা কতটা উন্নতি করেছি।”
জুনিয়র এএইচএফ কাপ হকির সেরা দুই দল এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ পাবে। আগামী বছর মালয়েশিয়ায় হবে এশিয়া কাপ; এই আসরে সেরা চার দল ২০১৬ সালের অনুর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে খেলার টিকেট পাবে।
