২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ সময়ের গোলে লিভারপুলের জয়

অবশেষে ব্যর্থতার গণ্ডি থেকে বেরিয়ে এলো লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ সময়ের গোলে স্টোক সিটিকে হারিয়েছে ইংল্যান্ডের অন্যতম সফল দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 01:14 AM

Updated : 13 Oct 2022, 12:52 PM

শনিবার রাতে অ্যানফিল্ডে লিভারপুলের ১-০ গোলে জয়ের নায়ক গ্লেন জনসন। ৮৫তম মিনিটে খুব কাছ থেকে হেড করে জয়সূচক গোলটি করেন ইংল্যান্ডের ওই ডিফেন্ডার।

সব ধরণের প্রতিযোগিতা মিলে প্রায় এক মাসের মধ্যে অল রেডদের এটাই প্রথম জয়।

লিগে গত চার ম্যাচে জেতেনি লিভারপুল। এর মধ্যে গত মাসের শেষ সপ্তাহে হাল সিটির সঙ্গে গোলশূন্য ড্র করার পর টানা তিনটি ম্যাচে হেরেছে তারা। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তো টানা চার ম্যাচে জয়শূন্য ব্রেন্ডন রজার্সের দল।

স্টোক সিটির বিপক্ষে এই জয়ে ১৩ ম্যাচে লিভারপুলের পয়েন্ট হলো ১৭।