২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাল সিটির বিপক্ষে দুর্দান্ত ম্যান ইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে শুরুর দিকের ব্যর্থতা কাটিয়ে উঠতে শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার রাতে হাল সিটিকে ৩-০ গোলে উড়িয়ে টানা তৃতীয় জয় পেয়েছে লু্ইস ফন গালের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 12:03 AM

Updated : 22 Aug 2022, 08:00 PM

ইপিএলের এবারের আসরে এই প্রথম টানা তিনটি ম্যাচ জিতল ইউনাইটেড।

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ষষ্ঠদশ মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। ডান পায়ের আলতো শটে গোলটি করেন ক্রিস স্মলিং।

জটলার মধ্যে স্মলিংয়ের হেড সিটির গোলরক্ষক ঠেকিয়ে দিলেও দলকে বিপদমুক্ত করতে ব্যর্থ হন তিনি। ফের বল পেয়ে স্বাগতিকদের ওই ইংলিশ ডিফেন্ডার দ্রুত শট নেন। তার ওই শটটিও গোলরক্ষক দুইবারের প্রচেষ্টায় ঠেকিয়ে দেন কিন্তু গোললাইন প্রযুক্তিতে ধরা পড়ে, বল দাগ পার হয়ে গিয়েছিল।

নির্ধারিত সময় শেষের তিন মিনিট আগে দারুণ এক গোলে ব্যবধান বাড়ান ওয়েইন রুনি। রবিন ফন পের্সির পাস পেয়ে ডি বক্সের অনেকটা বাইরে থেকে নেয়া ইংলিশ ওই স্ট্রাইকারের জোরালো শট বাঁক খেয়ে বাঁ-কোনা দিয়ে জালে ঢোকে।

বিরতির পরও প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়াতে থাকে ইউনাইটেডের আক্রমণভাগ। তৃতীয় গোলের দেখা পেতেও খুব বেশি দেরি হয়নি তাদের। ৬৬তম মিনিটে ডি বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালে পাঠান নেদারল্যান্ডসের স্ট্রাইকার ফন পের্সি।

যোগ করা সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বদলি স্ট্রাইকার রাদামেল ফালকাও।

এই জয়ে ১৩ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট হলো ২২।