কিংস কাপের ফাইনালে শেখ জামাল
পিছিয়ে পড়েও নেপালের মানাং মার্সিয়াংদিকে হারিয়ে ভুটানের কিংস কাপের ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। প্রথম বাংলাদেশী দল হিসেবে এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা।
শনিবার থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে সেমি-ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন মানাংকে ২-১ গোলে হারায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন শেখ জামাল। জয়ী দলের শাখাওয়াত রনি ও ডারবো ল্যান্ডিং একটি করে গোল করেন।
শেখ জামালের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলের দৃঢ়তায় গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। তবে সেড্রিক অ্যাবা ৫৫তম মিনিটে মানাং মার্সিয়াংদিকে এগিয়ে দেন। অনিল গ্রুরুংকে গোলরক্ষক হিমেল ফিরিয়ে দিলেও বল বিপদমুক্ত করতে পারেননি। সামনে থাকা অ্যাবে ফিরতি বলে শট নিয়ে লক্ষ্যভেদ করেন।
নেপালের ঘরোয়া লিগের চ্যাম্পিয়নদের বিপক্ষে সমতায় ফেরার দারুণ একটি সুযোগ ৮০তম মিনিটে নষ্ট করে শেখ জামাল। নেপালের অনূর্ধ্ব-১৭ দলের ডিফেন্ডার আকাশ থাপার বাধা টপকাতে পারেননি নাসিরউদ্দিন।
পাঁচ মিনিট পরই জামালকে সমতায় ফেরার স্বস্তি এনে দেন শাখাওয়াত রনি; তার শট মানাং মার্সিয়াংদির গোলরক্ষক দারুণ চেষ্টা করেও আটকাতে পারেননি।
নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষের পর অতিরিক্ত সময়ের শুরুতে শেখ জামালকে এগিয়ে দেন ডারবো ল্যান্ডিং। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহনবাগানের জালে হ্যাটট্রিক করেছিলেন গাম্বিয়ার এই ফরোয়ার্ড।
১০৯তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে সোহেল রানা মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় শেখ জামাল। তবে শেষ পর্যন্ত ২-১ স্কোরলাইন ধরে রেখে ফাইনাল খেলা নিশ্চিত করে বাংলাদেশের ঘরোয়া লিগের সেরা দলটি।
মোহনবাগানকে ৫-৩ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠেছিল শেখ জামাল।
কিংস কাপের উদ্বোধনী ম্যাচে ভুটানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন ড্রুক ইউনাইটেডকে হারায় শেখ জামাল। আর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নাখোন র্যাটচেসিমার সঙ্গে ড্র করে মারুফুল হকের দল।
