২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিংস কাপের শেষ চারে শেখ জামাল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিংস কাপের সেমি-ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের মোহন বাগানকে ৫-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2014, 07:29 PM

Updated : 22 Aug 2022, 07:58 PM

শেখ জামালের জয়ে দারুণ অবদান রাখেন দুই বিদেশি ফরোয়ার্ড ডারবো ল্যান্ডিং ও এমেকা ডারলিংটন। ল্যান্ডিং তিনটি ও এমেকা দুটি গোল করেন।

বৃহস্পতিবার চ্যাংলিমিথাং মাঠে তিন মিনিটেই শেখ জামালকে এগিয়ে দেন এমেকা। ১৫তম মিনিটে ল্যান্ডিংয়ের গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশের ঘরোয়া লিগের সেরারা। এরপর ৩১তম মিনিটে গাম্বিয়ার ফরোয়ার্ড ল্যান্ডিং নিজের দ্বিতীয় গোলটি করলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে শেখ জামাল।

দ্বিতীয়ার্ধের শুরুতে এমেকার গোলে ব্যবধান আরো বাড়িয়ে নেয় শেখ জামাল। নাইজেরিয়ার এই ফরোয়ার্ড ৫৪তম মিনিটে মোহন বাগানের জালে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন।

৫৮ ও ৫৯তম মিনিটে দুই গোল করে ম্যাচ জমিয়ে তোলে ভারতের দলটি।

মোহন বাগানের দুই গোল করার আনন্দ অল্প সময়ের মধ্যে কেড়ে নেন ল্যান্ডিং। ৬৩তম মিনিটে হ্যাটট্রিকের আনন্দে ভাসেন শেখ জামালের এই ফরোয়ার্ড। অতিরিক্ত সময়ে তৃতীয় গোল পায় মোহন বাগান কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি ভারতের দলটির।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট পেয়েছে শেখ জামাল। কিংস কাপের উদ্বোধনী ম্যাচে ভুটানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন ড্রুক ইউনাইটেডকে হারিয়েছিল মারুফুল হকের দল। আর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নাখোন র্যা টচেসিমার সঙ্গে ড্র করেছিল তারা।

ভুটানের এই আসরের সেমি-ফাইনালে শেখ জামালের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ মানাং মার্সিয়াংদি। শনিবার নেপালের দলটির বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশের প্রতিনিধিরা।

কিংস কাপের এবারের আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের রানার্সআপ আবাহনীও খেলেছিল। তবে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা।