লেভারকুজেনকে হারিয়ে স্বপ্ন টিকিয়ে রাখল মোনাকো
জার্মানির বেয়ার লেভারকুজেনকে একমাত্র গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছে মোনাকো।
বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ফরাসি ক্লাব মোনাকোর জয়ের নায়ক লুকাস ওকামপোস। ম্যাচের ৭২তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে ভলি করে বল জালে পাঠান আর্জেন্টিনার ওই স্ট্রাইকার।
এই জয়ে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের দ্বিতীয় স্থানে আছে মোনাকো। আর ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লেভারকুজেন।
গ্রুপের অন্য ম্যাচে বেনফিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা টিকিয়ে রেখেছে রাশিয়ার ক্লাব জেনিতও। এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।
আর ওই হারে সেরা ষোলোতে ওঠার আশা শেষ হয়ে গেছে পর্তুগালের দল বেনফিকার।
