বরুসিয়াকে হারিয়ে নকআউট পর্বে আর্সেনাল
বরুসিয়া ডর্টমুন্ডের টানা জয়রথ থামিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে আর্সেনাল। নিজেদের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।
প্রথম লেগে বরুসিয়ার মাঠে ২-০ গোলের হারের প্রতিশোধও নিল আর্সেনাল। টানা চার ম্যাচ জিতে ইউরোপ সেরার আসরের নকআউট পর্ব আগেই নিশ্চিত করেছিল বরুসিয়া। বুধবার রাতে এবারের আসরে প্রথম হারল তারা।
নিজেদের মাঠ এমিরেটসে ৭২ সেকেন্ডেই এগিয়ে যায় আর্সেনাল। সান্তিয়াগো কাসোরলার পাস গোলবারের খুব কাছাকাছি থাকা ইয়াইয়া সানোগাকে খুঁজে নেয়। ফ্রান্সের এই উঠতি স্ট্রাইকার সুযোগ কাজে লাগাতে একটুও ভুল করেননি।
৫৭তম মিনিটে ব্যবধান বাড়ায় আর্সেনাল। ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বরুসিয়া গোলরক্ষকে পরাস্ত করেন আলেক্সিস সানচেস। চিলির এই স্ট্রাইকারের গোলের পেছনেও অবদান রাখেন কাসোরলা।
পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সেরা ষোলোয় উঠেছে আর্সেনাল। ১২ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে থাকা বরুসিয়ার সঙ্গে আর্সেন ভেঙ্গারের দলের এখনকার লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার।
এই গ্রুপ থেকে ছিটকে গেছে বেলজিয়ামের আন্ডারলেখট ও তুরস্কের গালাতাসারাই। বুধবার রাতে গালাতাসারাইকে ২-০ গোলে হারালেও শেষ রক্ষা হয়নি আন্ডারলেখটের।
