২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তের নাটকীয়তায় হতাশ লিভারপুল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা তিন হারের পর এবার ড্র করেছে লিভারপুল। বুধবার রাতে বুলগেরিয়ার দল লুদোগোরেতসের মাঠে দারুণ লড়াইয়ের ম্যাচে ২-২ গোলে ড্র করে ব্রেন্ডন রজার্সের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2014, 04:05 AM

Updated : 13 Oct 2022, 12:51 PM

‘বি’ গ্রুপের অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে বাসেল হেরে যাওয়ায় লিভারপুলের এখনও নকআউট পর্বে ওঠার আশা আছে।

ক্রিস্তিয়ানো রোনালদোর একমাত্র গোলে সুইজারল্যান্ডে দল বাসেলকে হারিয়েছে রিয়াল।

তৃতীয় মিনিটেই গোল খেয়ে বসে ইংল্যান্ডের দলটি। স্বাগতিকদের ব্রাজিলের স্ট্রাইকার মার্সেলিনিয়োর শট লিভারপুল গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বল নিয়ন্ত্রনে নিতে পারেননি। ফিরতি বল পেয়ে লক্ষ্যভেদ করেন স্পেনের মিডফিল্ডার দানি আবালো।

প্রতিপক্ষের রক্ষণের ভুলে পাঁচ মিনিট পরেই অবশ্য গোলটি শোধ করে দেয় লিভারপুলের স্ট্রাইকার রিকি ল্যাম্বার্ট।

জর্ডান হেন্ডারসনের ক্রস এসে পড়েছিল ডি বক্সের মধ্যে। স্বাগতিকদের রক্ষণ সহজেই সেটা বিপদমুক্ত করতে পারতো কিন্তু তাদের চরম বোকামির সুযোগ কাজে লাগিয়ে হেড করে বল জালে পাঠান ইংল্যান্ডের ল্যাম্বার্ট।

৩৭তম মিনিটে হেন্ডারসনের দারুণ নৈপুণ্যে এগিয়েও যায় অতিথিরা। বাঁদিক থেকে রাহিম স্টার্লিংয়ের ক্রস পেয়ে দুরূহ কোণ থেকে ডান পায়ের আলতো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ওই ইংলিশ মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে উভয় দলই রক্ষণ সামলে আক্রমণে যাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু গোছানো আক্রমণ কেউই করতে পারছিল না।

৮১তম মিনিটে স্টিভেন জেরার্ডের পাস পেয়ে ব্যবধান বাড়ানোর ভালো একটা সুযোগ পেয়েছিলেন ইংলিশ মিডফিল্ডার স্টার্লিং। কিন্তু এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তিনি।

নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে অতিথিদের চমকে দিয়ে ম্যাচে ফেরে লুদোগোরেতস। কর্নারে হেড করে সমতাসূচক গোলটি করেন বুলগেরিয়ার ডিফেন্ডার গিওর্গি তেরজিয়েভ।
এই ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইলো লিভারপুল। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে সবার শেষে আছে লুদোগোরেতস।

দ্বিতীয় স্থানে থাকা বাসেলের পয়েন্ট ৬। আর পঞ্চম জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের।

গ্রুপ পর্বের শেষ রাউন্ডে বাসেলের মুখোমুখি হবে লিভারপুল। ওই ম্যাচে বাসেলকে হারালেই নকআউট পর্বের টিকেট পাবে অল রেডরা।