২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সাকে পেছনেই রাখল পিএসজি

এদিনসন কাভানি ও জ্লাতান ইব্রাহিমোভিচের নৈপুণ্যে নিজেদের মাঠে আয়াক্স আমস্টারডামকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। মঙ্গলবার রাতের এই জয়ে বার্সেলোনাকে পেছনে রেখে গ্রুপের শীর্ষস্থানও ধরে রেখেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2014, 04:49 AM

Updated : 13 Oct 2022, 12:51 PM

ফ্রান্সের লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নদের জয়ে স্ট্রাইকার কাভানি দুটি ও সুইডেনের স্ট্রাইকার ইব্রাহিমোভিচ একটি গোল করেন।

মঙ্গলবার নিজেদের মাঠে কাভানির গোলে এগিয়ে যায় পিএসজি। ৩৩তম মিনিটে এসেকিয়েল লাভেস্সির সহায়তায় লক্ষ্যভেদ করেন উরুগুয়ের এই তারকা।

৬৫তম মিনিটে রিকার্ডো ক্রিশনার ক্রসে হেডে আয়াক্সকে সমতায় ফেরান ডাচ মিডফিল্ডার ড্যাভি ক্লাসেন।

তবে পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল তুলে নিয়ে আয়াক্সের সমতায় ফেরার স্বস্তি কেড়ে নেন ইব্রাহিমোভিচ ও কাভানি।

৭৮তম মিনিটে হাভিয়ের পাস্তোরের কাছ থেকে বল পেয়ে ১৫ গজ দূর থেকে জোড়ালো শটে গোল করেন ইব্রাহিমোভিচ।

৮৩তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ভুলে বল পেয়ে গোলরক্ষককে কাটিয়ে স্কোরলাইন ৩-১ করে ফেলেন কাভানি।

এর আগে আয়াক্সের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছিল পিএসজি।

১৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্সের চ্যাম্পিয়নরা।

১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। লিওনেল মেসির অসাধারণ এক হ্যাটট্রিকে আপোয়েলকে ৪-০ গোলে হারায় লুইস এনরিকের দল।

দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করা পিএসজি ও বার্সেলোনা গ্রুপের শেষ ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে।