জমে উঠেছে ‘এ’ গ্রুপের লড়াই
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে ওঠার দৌড়ে দারুণ জমে উঠেছে ‘এ’ গ্রুপের লড়াই। এই গ্রুপ থেকে এখন পর্যন্ত কারোরই পরের রাউন্ডের টিকেট নিশ্চিত হয়নি; আবার সম্ভাবনা আছে চারটি দলেরই।
বুধবার ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে অলিম্পিয়াকোসের বিপক্ষে খেলবে আতলেতিকো মাদ্রিদ। আর সুইডেনের ক্লাব মালমোর মাঠে খেলবে ইতালির সফলতম দল ইউভেন্তুস। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শুরু হবে।
পঞ্চম রাউন্ডে স্পেনের ক্লাব আতলেতিকোর সামনে অবশ্য বুধবারই দ্বিতীয় রাউন্ডে ওঠার হাতছানি থাকছে। গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসকে হারালেই শেষ ষোলোর টিকেট পেয়ে যাবে গতবারের রানার্সআপরা।
অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিয়াকোস ও তৃতীয় স্থানে থাকা ইউভেন্তুসের সামনে আছে নকআউট পর্বের আশা উজ্জ্বল করার উপলক্ষ। এই রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয় পেলে আতলেতিকোর সমান পয়েন্ট হয়ে যাবে তাদের।
সেক্ষেত্রে অবশ্য গ্রুপের অন্য দল মালমো টুর্নামেন্টের পরের ধাপে ওঠার লড়াই থেকে ছিটকে পড়বে। পরের রাউন্ডে খেলার আশা বাঁচিয়ে রাখতে ইউভেন্তুসকে তাদের হারাতেই হবে।
গ্রুপটির শীর্ষে থাকা আতলেতিকোর পয়েন্ট ৯। পরের দুটি দল অলিম্পিয়াকোস এবং ইউভেন্তুসের পয়েন্ট সমান ৬। ৪ পয়েন্ট নিয়ে সবার শেষে আছে মালমো।
