২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিমিদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠল

রাসেল মাহমুদ জিমি, জাহিদ হুসাইন ও ইমরান হাসান পিন্টুর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। এই সিদ্ধান্তে লম্বা বিরতির পর জিমিদের ঘরোয়া ও আন্তর্জাতিক হকিতে ফেরার পথ তৈরি হলো।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2014, 10:26 PM

Updated : 22 Aug 2022, 07:57 PM

মঙ্গলবার হকি ফেডারেশনের নির্বাহী সভার অন্যতম আলোচ্য বিষয় ছিল জিমিদের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হকি ওয়ার্ল্ড লিগের দ্বিতীয় রাউন্ডের জন্য অস্থায়ী কোচ নিয়োগ দেয়া।

ফেডারেশন কোচ হিসেবে মামুনুর রশীদকে নিয়োগ দিয়েছে। বর্তমানে অনুর্ধ্ব-২১ দলের দায়িত্ব পালন করছেন মামুনুর। জাতীয় দলে তার সহকারী হিসেবে কাজ করবেন জাহিদ হাসান রাজু ও আলমগীর আলম।

নাভিদ আলম চলে যাওয়ার পর প্রধান কোচ হিসেবে অজয় কুমার বানসাল কিংবা মিশেল কিনানের নাম শোনা গিয়েছিল। ছুটি না পাওয়ায় বানসাল আসেননি। আপাতত তাই দেশী কোচের ওপরই ভরসা রাখছে ফেডারেশন।

এশিয়া কাপের ব্যর্থতার তদন্তের পর গত বছরের নভেম্বরে মোট চার খেলোয়াড়কে নিষিদ্ধ করে ফেডারেশন। চার জনের মধ্যে কামরুজ্জামান রানার শাস্তি প্রত্যাহার করা হয় গত অক্টোবরে।

জিমি, জাহিদ, পিন্টু ও রানার বিপক্ষে এশিয়া কাপে শৃঙ্খলা ভঙ্গ ও ইচ্ছা করে খারাপ খেলার অভিযোগ ছিল। ২০১৩ সালের ওই আসরে অষ্টম হয়েছিল বাংলাদেশ।

কমিটির তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় জিমি, জাহিদ ও পিন্টুকে তিন বছরের জন্য জাতীয় দল এবং দুই বছরের জন্য ঘরোয়া হকির কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়। আর রানাকে জাতীয় দলে দুই বছরের পাশাপাশি ঘরোয়া হকিতে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল ফেডারেশন।