২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিংস কাপ থেকে আবাহনীর বিদায়

ভুটানে কিংস কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আবাহনী লিমিটেড। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পুনে এফসির কাছে হেরেছে বাংলাদেশের দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2014, 08:42 PM

Updated : 22 Aug 2022, 07:57 PM

কিংস কাপের সেমি-ফাইনালে উঠতে হলে বড় ব্যবধানের জয় পেতে হত আবাহনীকে। তা হয়নি, উল্টো ২-০ ব্যবধানে হেরেছে তারা। প্রথমার্ধে কোনো গোল দিতে না পারা আবাহনী ঠেকিয়ে রেখেছিল প্রতিপক্ষকেও। তবে দ্বিতীয়ার্ধে ভাঙে বাংলাদেশের প্রিমিয়ার লিগের রানার্সআপ দলটির প্রতিরোধ। চার মিনিটের ব্যবধানে দুইবার আবাহনীর জালে বল জড়ায়। ৮৬তম মিনিটে ফ্রি কিক থেকে পুনে এফসিকে এগিয়ে দেন লালরেম্পুই। এরপর ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করেন ভারতের দলটির লুসিয়ানো। আসাম ইলেক্ট্রিসিটির বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে এবারের কিংস কাপ শুরু করেছিল আবাহনী। পরের ম্যাচে উগেন অ্যাকাডেমির কাছে একই ব্যবধানে হেরে যায় বাংলাদেশের দলটি। ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে মানাং মার্সিয়াংদির সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল আবাহনী। আবাহনীর ‘বি’ গ্রুপ থেকে কিংস কাপের সেমি-ফাইনালে উঠেছে পুনে এফসি ও মানাং মার্সিয়াংদি।