চেলসির সহজ জয়
ওয়েস্ট ব্রমউইচ আলবিওনের বিপক্ষে সহজ জয় পেয়েছে চেলসি। এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের তালিকায় শীর্ষস্থান আরো পোক্ত করেছে জোসে মরিনিয়োর দল।
নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার ওয়েস্ট ব্রমকে ২-০ গোলে হারায় চেলসি। এ নিয়ে চলতি লিগ মৌসুমে দশম জয় পেল তারা। ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে আছে ব্লুজ নামে পরিচিত দলটি।
দুটি গোলই প্রথমার্ধে পায় চেলসি। ১১তম মিনিট দলকে এগিয়ে দেন দিয়েগো কস্তা। অফসাইডের ফাঁদ এড়িয়ে অস্কারের ক্রস বুক দিয়ে নামিয়ে গোলটি করেন ব্রাজিলে জন্ম নেয়া স্পেনের এই ফরোয়ার্ড। ওয়েস্ট ব্রমের ফুটবলাররা অফসাইডের দাবি তুললেও রেফারি তাতে সাড়া দেননি।
লিগের চলতি মৌসুমে এ নিয়ে চেলসির হয়ে ১১ গোল করলেন কস্তা। সর্বোচ্চ গোলদাতার তালিকায় ম্যানচেস্টার সিটির সের্হিও আগুয়েরোর পরে আছেন তিনি। আর্জেন্টিনা ফরোয়ার্ড আগুয়েরোর গোল ১২টি।
এডেন হ্যাজার্ডের গোলে প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করে চেলসি। ২৫তম মিনিটে সেস ফাব্রেগাসের বাড়ানো বল বাঁ-পায়ের শটে জালে জড়ান বেলজিয়ামের এই মিডফিল্ডার।
চার মিনিট পর আরেকটি ধাক্কা খায় ওয়েস্ট ব্রম। কস্তাকে মারাত্মকভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ক্লাদিও ইয়াকোব।
দশ জনের দলে নেমে যাওয়া ওয়েস্ট ব্রম দ্বিতীয়ার্ধেই বরং ভালো খেলেছে। ম্যাচে ফিরতে না পারলেও চেলসিকে ব্যবধান বাড়াতে দেয়নি তারা।
