জয়ে ফিরল ম্যান সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে এক ম্যাচ পর জয়ের পথে ফিরেছে ম্যানচেস্টার সিটি। সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়েছে মানুয়েল পেল্লেগ্রিনির দল।
শনিবার ম্যানচেস্টারের দলটির গোল দুটি করেন স্তেভান ইয়োভেতিচ ও ইয়াইয়া তুরে। আর সোয়ানসির গোলটি উইলফ্রেড বোনির।
লিগের গত রাউন্ডে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা কুইন্স পার্ক রেঞ্জার্সের মাঠে ২-২ গোলে ড্র করেছিল বর্তমান চ্যাম্পিয়ন সিটি। তার তিন দিন আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠেই সিএসকেএ মস্কোর কাছে হেরে যায় তারা। তাই এই ম্যাচ আগুয়েরো-তুরেদের জন্য ছিল ছন্দে ফেরার পাশাপাশি জয়ে ফেরার পরীক্ষাও।
সে লক্ষ্যে ঘরের মাঠ ইতিহাদে ম্যান সিটির শুরুটা ভালো হয়নি। নবম মিনিটেই পিছিয়ে পড়ে তারা। কোত দি ভোয়ার স্ট্রাইকার বোনির দারুণ গোলটিতে অবশ্য স্বাগতিকদের রক্ষণেরও দায় ছিল।
ইংলিশ মিডফিল্ডার নাথান ডায়ার প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাথার উপর দিয়ে বল বাড়িয়েছিলেন। অরক্ষিত থাকা বোনি ক্ষিপ্র গতিতে ডি বক্সে ঢুকে বুক দিয়ে বল নামিয়ে ডান পায়ের টোকায় গোলরক্ষক জো হার্টকে পরাস্ত করেন।
ম্যাচে ফিরতে অবশ্য দেরি করেনি গত তিন মৌসুমে দুইবার চ্যাম্পিয়ন হওয়া দলটি। ১৯তম মিনিটে সমতাসূচক গোলটি করেন ইয়োভেতিচ। হেসুস নাভাসের দারুণ একটি ক্রস পেয়ে লক্ষ্যের খুব কাছ থেকে অনায়াসে গোলটি করেন মন্টেনেগ্রোর ওই স্ট্রাইকার।
৪০তম মিনিটে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। কিন্তু ফরাসি ডিফেন্ডার গায়েল ক্লিসির ২৫ গজ দূর থেকে নেয়া কোনাকুনি শটটি ডান গোলপোস্টে লেগে ফিরে আসে।
বিরতির পরও বল দখলে রেখে আক্রমণ করে যেতে থাকে ম্যান সিটি। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারছিল না তারা, অবশেষে ৬২তম মিনিটে সাফল্য মেলে।
ব্রাজিলের মিডফিল্ডার ফের্নানদিনিয়োর বাড়ানো বল পেয়ে প্রতিপক্ষের রক্ষণের বাধা এড়িয়ে ছয় গজ দূর থেকে ডান পায়ের শটে গোলটি করেন কোত দি ভোয়ার মিডফিল্ডার তুরে।
যোগ করা সময়ে ম্যাচে ফেরার ভালো একটা সুযোগ পেয়েছিল অতিথিরা কিন্তু তারা তা কাজে লাগাতে পারেনি।
এই জয়ে ১২ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট বেড়ে দাঁড়ালো ২৪।
অন্য ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ আলবিওনকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে চেলসি। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ৩২।
