২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেসিকেও ছাড়িয়ে যাবে নেইমার’

ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোমারিওর বিশ্বাস, নেইমারের সামনে খুব উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। এমনকি আগামী বছরগুলোতে তিনি বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসিকেও ছাড়িয়ে যেতে পারেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2014, 10:53 PM

Updated : 13 Oct 2022, 12:49 PM

১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য রোমারিও নেইমারের প্রশংসায় বলেন, “মেসির চেয়ে ভালো হতে তার মধ্যে সব উপাদানই আছে।”

নিজের কথার পেছনে যুক্তিও দাঁড় করান ৪৮ বছর বয়সী রোমারিও। বর্তমানে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়া দেশের অন্যতম সেরা ওই খেলোয়াড়ের মতে, মেসিকে ছাড়িয়ে যেতে এবং ইতিহাস রচনা করতে নেইমারের হাতে এখনও যথেষ্ট সময় আছে।

ট্রিপ ম্যাগাজিনকে রোমারিও আরো বলেন, “মেসির হাতে হয়তো আরেকটি বিশ্বকাপ নেই যেটাতে তিনি লড়াই করতে এবং জিততে পারবেন। কিন্তু নেইমারের এখনও তিনটি অথবা চারটি বিশ্বকাপে লড়াই করার মতো সুযোগ আছে।”

অবশ্য নেইমারকে উচ্ছ্বসিত প্রশংসায় ভাসালেও আর্জেন্টিনার তারকা মেসির প্রশংসা করতে কার্পণ্য করেননি রোমারিও।

“মেসি তো ইতোমধ্যে ইতিহাসের অংশ হয়ে গেছে কিন্তু নেইমার তার চেয়েও বড় প্রভাব রাখতে পারে।”

গত জুন-জুলাইয়ে দেশের মাঠে হওয়া বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্ন ভেঙে গেলেও নেইমার দারুণ সফল ছিলেন। চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়ার আগে চারটি গোল করেছিলেন তিনি।

বিশ্বকাপের পর আরো দুরন্ত হয়ে উঠেছেন নেইমার। গত পাঁচটি প্রীতি ম্যাচে দেশের হয়ে সাতটি গোল করেছেন ২২ বছর বয়সী এই তারকা। ৪২ গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি।

আর নেইমার যেভাবে গোল করে চলেছেন, তাতে তার চেয়ে ১৩ গোল বেশি নিয়ে তৃতীয় স্থানে থাকা রোমারিওকে হয়তো অচিরেই ছাড়িয়ে যাবেন। রোমারিও তাতে অবশ্য দ্বিমত পোষণ করেননি।

কৌতুক করে তিনি বলেন, “নিশ্চয় সে আমাকে ছাড়িয়ে যাবে। এমনকি সে এক হাজার গোলও করতে পারে কিন্তু আরেকটি রোমারিও কখনই থাকবে না।”