২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৯ সালের বিশ্ব অ্যাথলেটিক্স দোহায়

কাতার ধীরে ধীরে বিশ্বক্রীড়ার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের দেশটির রাজধানী দোহায় বসবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ২০১৯ সালের আসরটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2014, 02:12 PM

Updated : 22 Aug 2022, 07:54 PM

১৯৯২ সালের অলিম্পিকের আয়োজক বার্সেলোনা ও যুক্তরাষ্ট্রের ইউজিনকে হারিয়ে ২০১৯ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজনের সম্মান পায় দোহা।

মঙ্গলবার আইএএএফের (ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশন) কাউন্সিলের গোপন ব্যালটে প্রথম দফায় ১২টি ভোট পায় দোহা। ইউজিন পায় ৯ ভোট, আর বার্সেলোনা ৬টি। দ্বিতীয় দফায় ইউজিনকে ১৫-১২ ভোটে হারায় দোহা।

২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারের রাজধানী দোহা এর আগে ২০১৭ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চেয়েছিল। কিন্তু এই আসর আয়োজনের দায়িত্ব পায় লন্ডন। ২০১৫ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর বসবে চীনের বেইজিংয়ে।

মধ্যপ্রাচ্যের কোনো দেশ হিসেবে প্রথমবারের মতো বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে পেরে কাতারের কর্মকর্তারা দারুণ খুশি।

২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে এই আসর। এ সময় কাতারের তাপমাত্রা অনেকটাই কম থাকে বলে জানান আয়োজকরা।