২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের বিপক্ষে জার্মানির প্রতিশোধের ম্যাচ!

বিশ্বকাপ জয়ের বছরটা আনন্দ নিয়েই শেষ করতে চায় জার্মানি। আর এ কারণেই স্পেনের বিপক্ষে প্রতিশোধের প্রীতি ম্যাচটি জিততে চান কোচ ইওয়াখিম লুভ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2014, 01:30 PM

Updated : 25 Apr 2022, 04:59 PM

স্পেনের শহর ভিগোতে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে ইউরোর চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি।

এ পর্যন্ত ২১বার মুখোমুখি সাক্ষাৎ হয়েছে স্পেন-জার্মানির। ৮টি জয় নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিই। বিপরীতে ৭টি জয় স্পেনের। তবে সবশেষ তিনটি লড়াইয়ে জয়ী দল ভিসেন্তে দেল বস্কের দলই।

স্পেনের সঙ্গে সবশেষ তিনটি লড়াইয়ের মধ্যে দুটি হয়ত সহজে ভুলতে পারবে না জার্মানি। ২০০৮ সালের ইউরোর ফাইনালে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন। আর ২০১০ বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানিকে ওই একই ব্যবধানে হারায় সেবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

লুভ অবশ্য তার খেলোয়াড়দের প্রতিশোধের চিন্তা থেকে দূরেই রাখতে চাইছেন। ২০০৮ ও ২০১০ সালের ওই দুটি ম্যাচ এখন আর জার্মানির কাছে বিবেচ্য নয় বলে জানান জার্মান কোচ।

ভিগোতে প্রীতি ম্যাচের আগে অবশ্য জয়ের ব্যাপারে প্রত্যয়ী লুভ। জার্মানির ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটের লুভ বলেন, "বছরের শেষে এসে আমরা আবার দেখাতে চাইছি, আমাদের মধ্যে কী আছে এবং সম্ভব হলে জিতব।"

২০১৪ ব্রাজিল বিশ্বকাপ জয়ী জার্মানিকে অবশ্য এই ম্যাচে ফেভারিট বলা সম্ভব নয়। বিশ্বকাপের পর থেকেই যেন নিজেদের হারিয়ে খুঁজছে জার্মানি দল। বিশ্বকাপের পর খেলা ৫টি ম্যাচের মাত্র দুটিই জিততে পারে তারা।

বিশ্বকাপের ফাইনালে যাদের হারিয়ে শিরোপা জিতেছিল জার্মানি, সেই আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের পর হেরে যায় তারা। এরপর পোল্যান্ডের কাছেও হারতে হয় লুভের দলকে। গত শুক্রবার দুর্বল জিব্রাল্টারের বিপক্ষে ৪-০ গোলের জয়েও জার্মানি কোচ সন্তুষ্ট নন।

মড়ার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে চোট। গোলরক্ষক মানুয়েল নয়ার হাঁটুর চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। খেলতে পারবেন না আন্দ্রে শুরলে, মার্কো রয়েস, ক্রিস্টোফ ক্রামার ও জেরম বোয়াটেংও।

চোটের প্রকোপ স্পেন দলেও আছে। চেলসি স্ট্রাইকার দিয়েগো কস্তাকে চোটের জন্য দলে রাখেননি কোচ ভিসেন্তে দেল বস্ক। এ ছাড়া সেস ফাব্রেগাস ভুগছেন হ্যামস্ট্রিংয়ের চোটে। আর আঙুলে চোট পাওয়ার জন্য খেলতে পারবেন না গোলরক্ষক দাভিদ দে হিয়া।

পারফরম্যান্সের দিক থেকেও জার্মানির চেয়ে এই সময়ে খুব একটা এগিয়ে নেই স্পেন। ২০১০ বিশ্বকাপ জয়ীরা ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে। বিশ্বকাপের পরও দুটি ম্যাচ হারে তারা।