ব্রাজিলের জয়রথের সামনে বাধা অস্ট্রিয়া
বিশ্বকাপের হতাশা কাটিয়ে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে দুঙ্গার ব্রাজিল দল। অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
অস্ট্রিয়ার ভিয়েনায় মঙ্গলবার ব্রাজিলের প্রীতি ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
দেশের মাটিতে ভুলে যাওয়ার মতো একটা বিশ্বকাপ কাটানোর পর ব্রাজিল ফুটবল কনফেডারেশন লুইস ফেলিপে স্কলারিকে সরিয়ে দ্বিতীয়বারের মতো দুঙ্গার হাতে দলের দায়িত্ব দেয়। দ্বিতীয় মেয়াদটা খুব ভালোভাবেই শুরু করেন কোচ দুঙ্গা। কলম্বিয়া, ইকুয়েডর, আর্জেন্টিনা, জাপান, তুরস্কের বিপক্ষে খেলা পাঁচটি প্রীতি ম্যাচেই জয় পায় তার দল। এই ৫ ম্যাচে ১২টি গোল দিলেও কোনো গোল খায়নি ব্রাজিল।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে তাই আক্রমণভাগের পাশাপাশি ব্রাজিলের রক্ষণ নিয়েও আলোচনা হচ্ছে। দাভিদ লুইস, মিরান্দা, দানিলো, ফিলিপে লুইসদের সমন্বয়ে গড়া জমাট রক্ষণ পেরিয়ে ব্রাজিলের জালে এই ম্যাচে কি বল জড়াবে?
রক্ষণ চিরকালই ব্রাজিলের সবচেয়ে দুর্বল জায়গা। বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যাওয়ার দিন সেটা আরেকবার প্রমাণিত হয়। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছেও ৩-০ গোলে হারে তারা।
বিশ্বকাপের পর যেন একেবারেই পাল্টে গেছে ব্রাজিলের রক্ষণ। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের মিডফিল্ডার ফের্নানদিনিয়োও রক্ষণের কৃতিত্বের কথা তুলে ধরেন।
"দল রক্ষণ সামলানোর জন্য ভালো পন্থা খুঁজে পেয়েছে। আক্রমণে আমাদের অনেক বিকল্প আছে। আমাদের অনেক দ্রুতগামী খেলোয়াড় আছে। আমরা অনেক সুযোগ তৈরি করতে পেরেছি এবং অনেক গোল করেছি। টানা ৫ ম্যাচ জয়ের কারণ সম্ভবত এই দুটিই।"
অস্ট্রিয়ার অবশ্য মোটেই সহজ প্রতিপক্ষ নয়। ব্রাজিল বিশ্বকাপে খেলার টিকিট তারা পায়নি ঠিক, তবে এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ২৯তম স্থানে।
এছাড়া গত নয় ম্যাচ ধরে অপরাজিত আছে অস্ট্রিয়া। গত শনিবার রাশিয়াকে ১-০ গোলে হারিয়ে ইউরো ২০১৬ বাছাইয়ে 'জি' গ্রুপের শীর্ষে থাকা অস্ট্রিয়ার খেলোয়াড়দের আত্মবিশ্বাস এই মুহূর্তে তুঙ্গস্পর্শী।
দুই দেশের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস ব্রাজিলকে অবশ্য অনেকটাই এগিয়ে রাখবে। এ পর্যন্ত ৮ বারের সাক্ষাতে কোনো ম্যাচ হারেনি ব্রাজিল। ৫টি ম্যাচ জিতেছে গত বিশ্বকাপের আয়োজকরা; ৩টি ম্যাচ হয় ড্র।
