২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের ওপর চটেছেন সিলভা

ব্রাজিল তারকা নেইমার আর কোচ দুঙ্গার ওপর রাগ ঝাড়লেন সাবেক অধিনায়ক চিয়াগো সিলভা। অধিনায়কত্ব হারানোর জন্য নয়, পিএসজির এই ডিফেন্ডার কষ্ট পেয়েছেন নেতৃত্ব হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 03:48 PM

Updated : 13 Oct 2022, 12:48 PM

ব্রাজিলের ওয়েবসাইট গ্লোবোস্পোর্ত ডটকমকে গত বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেয়া সিলভা বলেন, নেইমার বা দুঙ্গার কেউই তাকে জানায়নি যে, তিনি আর ব্রাজিলের অধিনায়ক নেই।

বিশ্বকাপের পর দুঙ্গার অধীনে ব্রাজিলের অধিনায়কের দায়িত্ব পাওয়া নেইমারকে নিয়ে সিলভা বলেন, "সে কখনও এসে আমার সঙ্গে কথা বলেনি।"

সিলভার দাবি, কোনো আলোচনা ছাড়াই অধিনায়কত্ব পরিবর্তনের বিষয়টি ঘটে, যা তাকে কষ্ট দিয়েছে।

নিজেদের দেশে হতাশাজনক বিশ্বকাপের পর চোটের কারণে কয়েকটি প্রীতি ম্যাচে ছিলেন না সিলভা। পরে দলে ফিরলেও তুরস্কের বিপক্ষে গত ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি তিনি।

গত দুই ম্যাচে রক্ষণে দাভিদ লুইসের সঙ্গে খেলেছেন মিরান্দা। সুযোগ দেয়া হয়েছে করিনিথিয়ান্সের গিলকেও।

অস্ট্রিয়ার বিপক্ষে আগামী মঙ্গলবারের ম্যাচেও দলে সুযোগ পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন সিলভা।

"মনে হচ্ছে জায়গা হারিয়ে ফেলেছি, যেন তারা আমার কাছ থেকে কিছু নিয়ে গিয়েছে।"