২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের সহজ জয়

ইউরোর বাছাইয়ে সহজ জয় পেয়েছে স্পেন। শনিবার ‘সি’ গ্রুপের ম্যাচে বেলারুশকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 11:48 AM

Updated : 25 Apr 2022, 04:58 PM

এই জয়ে গ্রুপের শীর্ষে থাকা স্লোভাকিয়ার তিন পয়েন্ট পেছনে থাকলো টানা দুটো ইউরো জেতা স্পেন।

ম্যাচের ১৮তম মিনিটে ১৮ গজ দূর থেকে দারুণ বাকানো শটে গোল করেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ইসকো। এই গোলের পর খেলা শুরু হতে হতেই ব্যবধান বাড়ান বার্সেলোনার ডিফেন্ডার সের্হিও বুসকেতস।

দ্বিতীয়ার্ধে ডি-বক্সের ভেতর থেকে জোরালো শটে জয় নিশ্চিত করেন বার্সেলোনার ফরোয়ার্ড পেদ্রো।

গ্রুপের অন্য ম্যাচে শীর্ষে থাকা স্লোভাকিয়া ২-০ হারিয়েছে মেসেডোনিয়াকে।

ইউক্রেন ৩-০ গোলে লাক্সেমবার্গকে হারিয়ে পয়েন্টে স্পেনের পাশে বসেছে। চার ম্যাচে দুই দলেরই পয়েন্ট ৯।

‘জি’ গ্রুপের ম্যাচে রাশিয়াকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে অস্ট্রিয়া।

সুইডেন ১-১ গোলে ড্র করেছে মন্টেনেগ্রোর সঙ্গে। পিএসজি তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ দলকে এগিয়ে দিলেও মন্টেনেগ্রোকে সমতায় ফেরান ম্যানচেস্টার সিটির স্তেভান ইয়োভেতিচ।

স্লোভেনিয়াকে ৩-১ গোলে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড।

গ্রুপের অন্য ম্যাচে লিথুয়েনিয়াকে ৪-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। স্লোভেনিয়া, সুইজারল্যান্ড আর লিথুয়েনিয়া – তিন দেশই ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের জন্য লড়ছে।