২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে চিনতেন না আগুয়েরো!

লিওনেল মেসি আর সের্হিও আগুয়েরো শুধু সতীর্থই নন, দুজন ভালো বন্ধুও। কিন্তু আর্জেন্টিনার দুই তারকা ফরোয়ার্ডের প্রথম সাক্ষাতে আগুয়েরো মেসিকে চিনতেই পারেননি!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 09:25 AM

Updated : 13 Oct 2022, 12:48 PM

আর্জেন্টিনার প্রীতি ম্যাচের দলে ডাক পেয়েছিলেন দুজন। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং কমপ্লেক্সে প্রথম দেখা হয় তাদের। তবে সেই প্রথম সাক্ষাতের মুহূর্তটি ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আগুয়েরো ভুলে যেতেই চাইবেন।

ততদিনে বার্সেলোনায় অভিষেক হয়ে গেছে মেসির। মোটামুটি নামডাকও হয়ে গেছে তার। তবু মেসিকে চিনতে না পারায় পরে লজ্জাই পেয়েছিলেন আগুয়েরো।

সিটি টিভিকে আগুয়েরো বলেন, “হ্যা, এটা সত্য। আমি তখন ১৭ বছরে পা রাখতে চলেছি। আমরা কিছু প্রীতি ম্যাচের জন্য ডাক পেয়েছিলাম। আমরা এএফএর ট্রেনিং কমপ্লেক্সে ছিলাম। (এসেকিয়েল) গারায়, (মাউরো) ফরমিকাসহ আমরা তার সঙ্গে একই টেবিলে বসে ছিলাম।”

এর কিছুক্ষণ পরই ঘটে সেই ঘটনাটি।

“সে (মেসি) আমার পাশে বসেছিল। তার দিকে তাকিয়েছিলাম, কিন্তু চিনতে পারিনি। তারা নাইকির বুট নিয়ে কথা বলছিল...লিও বলেছিল, ওর জন্য তারা যুক্তরাষ্ট্র থেকে এনেছে। এরপর ভাবতে শুরু করি, এই লোক কোথা থেকে এসেছে।”

ভাবনা বেশিক্ষণ আর নিজের মধ্যে রাখতে পারেননি আগুয়েরো।

“আমি নিজেকে সামলাতে পারিনি এবং জিজ্ঞেস করলাম, তোমার নাম কী? সে বলল, লিও। আমি আবার জিজ্ঞেস করলাম, তোমার নামের শেষ অংশটা কী? সে বলল, মেসি। এরপরও আমি তাকে চিনতে পারিনি”

এরপর একটু যেন বিব্রতই হয়েছিলেন আগুয়েরো।

“ওর নামটা পরিচিত লাগছিল বলে আমি আবার জিজ্ঞেস করলাম। সে হাসল, পরে তারা সবাই হাসল। আমাকে নিয়ে মজা করল।”

মেসি সেদিন এখনকার মতোই বিনয়ী ছিলেন। আগুয়েরো তাকে না চিনতে পারায় কিছু মনে করেননি। আর এখন? মাঠে আর মাঠের বাইরে মেসি-আগুয়েরো দুজনে খুব ভালো বন্ধু।