৪ গোলে জিতেও খুশি নন জার্মান কোচ
৪-০ গোলের জয়; যে কোনো দলের কোচেরই এতে খুশি হওয়ার কথা। কিন্তু দুর্বল জিব্রাল্টারকে এই ব্যবধানে হারিয়েও খুশি হতে পারেননি জার্মানির কোচ। যা চেয়েছিলেন, তা হয়নি বলে বরং দলের সমালোচনা করেছেন ইওয়াখিম লুভ।
ইউরো বাছাইয়ে আগের দুটো ম্যাচে হার ও ড্রয়ের ধাক্কা সামলে জয়ে ফিরতে দুর্বল জিব্রাল্টারকে সামনে পেয়েছিল জার্মানি। শুক্রবার রাতে নিজেদের মাঠে জয় পায় তারা। দলের জয়ে টমাস মুলার দুটি, গোটসে একটি গোল করেন। ম্যাচের চতুর্থ গোলটি আত্মঘাতী।
এই জয়ের পর ‘ডি’গ্রুপের পয়েন্ট তালিকায় তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জার্মানি; চার ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছে তারা। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোল্যান্ড।
ম্যাচ শেষে অবশ্য হতাশার কথাই বলেন লুভ।
“আমি আর যাই হোক, সন্তুষ্ট হইনি। আমরা যা করতে চেয়েছি দল তা করতে পারেনি। আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের মতো খেলতে চেয়েছি এবং ৪ গোল খুবই কম”
ম্যাচের আগে ইউরোর একটি রেকর্ড নিয়ে অনেকেই কথা বলেন। ২০০৬ সালে স্যান ম্যারিনোকে ১৩-০ গোলে হারিয়ে ইউরোতে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছিল জার্মানি। অনেকেই মনে করেছিলেন, এবার এই রেকর্ডটি ভাঙবে তারা। জার্মানির সমর্থকদের অনেকে গ্যালারিতে ১৫:০ প্ল্যাকার্ডও লিখে নিয়ে এসেছিল।
উয়েফার নবীনতম সদস্য জিব্রাল্টার তাদের ইউরো বাছাইপর্বের ৪টি ম্যাচই হেরেছে। ২১ গোলে খেয়ে প্রতিপক্ষের জালে একবারও বল পাঠাতে পারেনি তারা। জার্মানির কাছে ৪-০ গোলে হারার পর দলটির কোচ আলেন বুলার প্রতিক্রিয়া আরো স্পষ্ট করে লুভ কেন এত অসন্তুষ্ট।
“দারুণ ফল এটা এবং ০-৪, সত্যি আমাদের এমন কিছুই প্রয়োজন ছিল। এর বেশি ভালো আর আমি চাইতে পারতাম না।”
