চিলির বড়, কলম্বিয়ার কষ্টার্জিত জয়
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ চিলি ও কলম্বিয়া। যুক্তরাষ্ট্রের বিপক্ষে কলম্বিয়ার জয়টি ২-১ গোলে। আর ভেনেজুয়েলাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে চিলি।
লন্ডনে ফুলহ্যামের মাঠ ক্র্যাভেন কটেজে শুক্রবার ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। কলম্বিয়ার বিপক্ষে দলকে এগিয়ে দেয়া গোলটি করেন জজি আল্টিডোর।
৬০তম মিনিটে হামেস রদ্রিগেসের পাস থেকে কলম্বিয়াকে সমতায় ফেরানো গোলটি করেন কার্লোস বাক্কা। ৮৭তম মিনিটে কলম্বিয়ার জয়সূচক গোলটি হেড থেকে করেন তিওফিলো গুতিয়েরেস।
শুক্রবার অন্য ম্যাচে নিজেদের মাঠে ভেনেজুয়েলার জালে চিলি গোলবন্যার শুরু হয় ১৭তম মিনিটে। দলকে ১-০ গোলে এগিয়ে দেন আলেক্সিস সানচেস।
বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন হোর্হে ভালদাভিয়া।
বিরতির পর আরো তিনটি গোল করেন এদুয়ার্দো ভারগাস, রদ্রিগো মিলার ও পাবলো এর্নান্দেস।
