দুর্বল জিব্রাল্টারকে পেয়ে ঘুরে দাঁড়িয়েছে জার্মানি
ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে ছন্দে ফিরেছে জার্মানি। জিব্রাল্টারকে ৪-০ গোলে হারিয়েছে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।
আগের দুটো ম্যাচে হার ও ড্রয়ের ধাক্কা সামলে জয়ে ফিরতে দুর্বল জিব্রাল্টারকে সামনে পেয়েছিল জার্মানি। শুক্রবার রাতে দলের জয়ে টমাস মুলার দুটি, গোটসে একটি গোল করেন। ম্যাচের চতুর্থ গোলটি আত্মঘাতী।
নিজেদের মাঠে ১২তম ও ২৯তম মিনিটে দুটি গোল করে জার্মানিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার মুলার। প্রথমার্ধে গোটসের গোলে আরো এগিয়ে যায় স্বাগতিকরা।
স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাই পর্ব শুরু করা জার্মানি দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের কাছে হেরে যায়। আর তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে ড্র করে ইওয়াখিম লুভের দল।
জয়ে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকায় জার্মানি আছে দ্বিতীয় স্থানে; চার ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছে তারা। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোল্যান্ড।
শুক্রবার রাতের গ্রুপের অন্য ম্যাচে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ড। তাদের পয়েন্টও জার্মানির সমান, তবে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে আছে তারা।
