প্রীতি ম্যাচে টাইব্রেকারে হারল উরুগুয়ে
শুরুর একাদশে খেলতে নেমে লুইস সুয়ারেস উরুগুয়ের হয়ে গোল পেয়েছেন। কিন্তু নির্ধারিত সময়ে ৩-৩ গোলে সমতা থাকা প্রীতি ম্যাচে উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়েছে কোস্টা রিকা।
বৃহস্পতিবার মন্তেভিদিওতে নিজেদের মাঠে টাইব্রেকারে ৭-৬ গোলে হারে উরুগুয়ে।
ম্যাচের শুরু থেকে অবশ্য ভালো খেলে উরুগুয়ে। বেশ কয়েকটি ভালো সুযোগও পায় তারা। তবে খেলার ধারার বিপরীতে বিরতির মিনিট তিনেক আগে এগিয়ে যায় কোস্টা রিকা।
বিরতির পর বার্সেলোনা তারকা সুয়ারেস উরুগুয়েকে সমতায় ফেরান। তবে এক মিনিট পর আবার এগিয়ে যায় কোস্টা রিকা।
হোসে হিমিনেস আর এদিনসন কাভানির গোলে ৬৭তম মিনিটের মধ্যে ৩-২ গোলে এগিয়ে যায় উরুগুয়ে।
ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বে কোস্টা রিকার কাছে ৩-১ গোলে হেরে যাওয়ার প্রতিশোধ নেয়া হবে বলেই ভাবছিল উরুগুয়ে। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে ম্যাচে সমতা আনে কোস্টা রিকা।
এরপর টাইব্রেকারে রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাসের বীরত্বে জয় পায় ব্রাজিল বিশ্বকাপের বিস্ময় কোস্টা রিকা।
টাইব্রেকারে প্রথম শট থেকে গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন সুয়ারেস। আর কোস্টা রিকার প্রথম শট থেকে গোল করতে পারেননি সেলসো বোর্হেস। আরেভালো রিওসের সামনে সুযোগ ছিল উরুগুয়েকে জয় এনে দেয়ার। কিন্তু তার শটটি ফিরিয়ে দেন নাভাস।
এরপর উরুগুয়ের গুজমান তার শটটি আকাশে মারেন। আর ক্রিস্তিয়ান গাম্বোয়া তার শট থেকে গোল করে কোস্টা রিকাকে জয় এনে দেন।
