পেলের কিডনিতে পাথর
পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া পেলের কিডনিতে পাথর ধরা পড়েছে। সাও পাওলোর হাসপাতালটির চিকিৎসক জানিয়েছেন, প্রস্রাবের রাস্তায় বাধা সৃষ্টি করা এই পাথর সরানোর পর ভালো আছেন ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তি।
৭৪ বছর বয়সী পেলে পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন গত বুধবার। পরীক্ষা করার পর চিকিৎসকরা নিশ্চিত হন তার কিডনিতে পাথর হয়েছে। বৃহস্পতিবার তার পাথরগুলো সরানোর কাজ করেন তারা।
চিকিৎসকরা জানান, ‘ফুটবল সম্রাট’ হিসেবে পরিচিত পেলে এখন সেরে উঠছেন।
‘সর্বকালের সেরা ফুটবলার’ হিসেবে পরিচিত পেলে ব্রাজিলের হয়ে ৪টি বিশ্বকাপ খেলেন। এর মধ্যে তিনটি বিশ্বকাপ জেতেন তিনি, যার সর্বশেষটি ১৯৭০ সালে মেক্সিকোতে।
