২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরার তালিকায় বিশ্বকাপের তিন গোল

বর্ষসেরা গোলের পুরস্কারের জন্য বাছাই করা ১০টি গোলের মধ্যে তিনটিই ব্রাজিল বিশ্বকাপে করা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 11:34 AM

Updated : 22 Aug 2022, 08:39 PM

গত বছরের বিজয়ী জ্লাতান ইব্রাহিমোভিচের একটি গোলও আছে ফিফা পুসকাস অ্যাওয়ার্ডের জন ঘোষিত সংক্ষিপ্ত এই তালিকায়।

ফরাসি লিগে বাস্তিয়ার বিপক্ষে ম্যাচে ডি বক্সের মধ্যে ব্যাক-হিল করে অসাধারণ গোলটি করেন পিএসজির সুইডিশ ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ।

ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত ভলিতে কলম্বিয়ার তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেসের গোল ছাড়াও তালিকায় আছে অস্ট্রেলিয়ার টিম ক্যাহিল এবং নেদারল্যান্ডসের রবিন ফন পের্সির গোল।

উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সতীর্থের হেড থেকে বল কাঁধের এক প্রান্ত দিয়ে নামিয়ে ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের দুরন্ত ভলিতে গোলটি করেন রদ্রিগেস। আর গ্রুপ পর্বে স্পেনের জালে উড়ন্ত হেডে ইকের কাসিয়াসের মাথার ওপর দিয়ে দুর্দান্ত গোলটা করেছিলেন নেদারল্যান্ডসের স্ট্রাইকার রবিন ফন পের্সি। একই গ্রুপের অন্য ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বাঁ পায়ের দুরন্ত ভলিতে ডাচ গোলরক্ষককে পরাস্ত করেন অস্ট্রেলিয়ার ক্যাহিল। সেরা দশ গোলের তালিকায় আরো আছে আতলেতিকো মাদ্রিদের হয়ে স্পেনের স্ট্রাইকার দিয়েগো কস্তার মাথার ওপর দিয়ে করা গোল, মেক্সিকোর লিগে ক্লাব ক্রুস আসুলের হয়ে মার্কো ফাবিয়ানের চিপ শটে করা গোল এবং মেজর লিগ সকারে ব্রাজিলের কামিলো সানভেস্সোর সিজার-কিকে করা গোল। এছাড়া জাপানের জে লিগে ভলি থেকে গোল করা হিরোশিমার স্ট্রাইকার হিসাতো সাতোও আছেন এই তালিকায়। গত বছর ফুলহ্যামের হয়ে সুইস মিডফিল্ডার পাইতিম কাসামির অসাধারণ একটি গোলও পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। আগামী ১২ জানুয়ারি জুরিখে ফিফার বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানা যাবে কার গোল হচ্ছে বর্ষসেরা।