বেতন পাচ্ছেন না সবচেয়ে দামি কোচ!
রাশিয়া ফুটবল ইউনিয়ন স্বীকার করেছে, জাতীয় দলের কোচ ফাবিও কাপেল্লোকে বেতন দেয়ার সামর্থ্য নেই তাদের। গত জুন মাস থেকে বেতন পাচ্ছেন না ইতালির এই কোচ।
রাশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী, কাপেলো বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া আন্তর্জাতিক কোচ। তার বার্ষিক বেতন ৭০ লাখ পাউন্ড।
বেতন না পেয়ে এ মাসের শুরুতে কাপেল্লো জানান, “ধৈর্য্যের শেষ সীমায় পৌঁছে যাচ্ছেন তিনি”।
তবে ওই বকেয়া বেতন পরিশোধ করার মতো টাকা নেই বলে জানিয়েছেন দেশটির ফুটবল সংস্থার নির্বাহী কমিটির এক সদস্য।
টাকার ব্যবস্থা না করেই কাপেল্লোর সঙ্গে চুক্তি করার সিদ্ধান্তের সমালোচনাও করেন ওই সদস্য।
গত জানুয়ারিতে কাপেল্লোর সঙ্গে চুক্তি নবায়ন করে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। সেই অনুযায়ী রাশিয়ায় ২০১৮ সালের বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত ইতালির এই কোচের সেখানে থাকার কথা।
সাম্প্রতিক সময়ে বেশ সমালোচিত হয়েছেন কাপেল্লো। ব্রাজিল বিশ্বকাপে একটি ম্যাচেও জিততে পারেনি তার দল। তিন ম্যাচের দুটিতে ড্র এবং একটিতে হেরে গ্রুপ পর্বেই শেষ হয় রাশিয়ার ব্রাজিল বিশ্বকাপ।
বর্তমানে চলা ইউরো বাছাইপর্বেও খুব একটা ভালো অবস্থানে নেই রাশিয়া। তিন ম্যাচের মধ্যে একটি জয় আর দুটি ড্রয়ে ‘জি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে তারা।
